নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অজানা জন্তুর আতঙ্কে সিঁটিয়ে ছিল আরামবাগের তিরোল এলাকা। বনদপ্তরের তরফে জন্তুটিকে ধরতে পাতা হয় খাঁচা। তাতেই ধরা পড়ল একটি বনবিড়াল। বৃহস্পতিবার রাতে খাঁচাবন্দি হয় ওই বন্য প্রাণীটি। শুক্রবার সকালে খাঁচা সহ বনবিড়ালটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসা হয়। আরামবাগের রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, বন বিড়াল খুব সাধারণ একটি প্রাণী। এই প্রাণীটি মানুষের কোনও ক্ষতি করে না। লোকালয়ে চলে এলে হাঁস, মুরগি খায় বলে শোনা গিয়েছে। তাছাড়া জঙ্গলে ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। কখনও কখনও জলাশয়ের ধারেও থাকে। প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা করে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ ধরে তিরোল এলাকায় অজানা জন্তুর আতঙ্ক ছড়ায়। জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে বলে বাসিন্দাদের একাংশ দাবি করে। তারপর বনদপ্তর বাহিনী নিয়ে গিয়ে তিরোল এলাকার বিভিন্ন ঝোপ, জঙ্গলে তল্লাশি চালায়। লাঠি উঁচিয়ে দেখার পাশাপাশি বাজিও ফাটানো হয়। কিন্তু, কোনও সন্দেহজনক প্রাণী নজরে পড়েনি। বনদপ্তর তারপরেও ওই এলাকায় টোপ দিয়ে দু’টি খাঁচা পেতে আসে। তারমধ্যেই একটি খাঁচাতে ওই বনবিড়ালটি ধরা পড়ে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বনবিড়ালটি স্ত্রী প্রজাতির পূর্ণ বয়স্ক। খাঁচায় টোপ দেওয়া ছিল বলে সেখানে সে ধরা পড়েছে। বনদপ্তরের রেঞ্জার জানিয়েছেন, আর একটি খাঁচা ওই এলাকায় আরও কয়েকদিন রাখা হবে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



