Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মীয়ের বাড়ি এসে শিশুর অস্বাভাবিক মৃত্যু কালনায়

আত্মীয়ের বাড়ি এসে শিশুর অস্বাভাবিক মৃত্যু কালনায়
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: বুধবার বিকেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক সাত মাসের শিশুর। মৃতের নাম আরিভ শীল। বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়। বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতাল থেকে দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
Advertisement
পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার মগরার বাসিন্দা বচ্চন শীলের পুত্র আরিভ। তাকে নিয়ে তার মা কালনা ধর্মডাঙা এলাকায় মঙ্গলবার এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসেন। বুধবার বিকেল ৪টে নাগাদ শিশুকে ঘুম পাড়িয়ে মা ও পরিবারের অন্যান্যরা খাবার খেতে ব্যস্ত ছিলেন। বিকেল সাড়ে ৪টে নাগাদ পরিবারের লোকেরা গিয়ে দেখেন, শিশুটি নিথর হয়ে পড়ে আছে। তড়িঘড়ি তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। 
মৃত শিশুর মা রুমা সমাদ্দার শীল বলেন, ভারী একটা কাঁথা গায়ে চাপিয়ে ঘুম পাড়িয়ে ছিলাম। আমাদের মনে হয়, নড়াচড়া করতে গিয়ে তার ভিতর ঢুকে শ্বাসরোধ হয়ে ও মারা গিয়েছে। শিশুর বাবা মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করলে পুলিস মৃতদেহ ময়না তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
আরিভের বাবা বচ্চন শীল বলেন, মাস দু’য়েক ধরে আমার স্ত্রী ও সন্তানকে আমার কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে। আমি চাই, ময়না তদন্তে মৃত্যুর সঠিক কারণ উঠে আসুক।
Advertisement
সম্পর্কিত সংবাদ