সংবাদদাতা, পতিরাম: জামাইবাবুর মৃতদেহ সৎকার করে ফেরার পথে স্কুটারের ধাক্কায় মৃত্যু হল শ্যালকের। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুনিরাম মার্ডি (৪০)। তাঁর বাড়ি বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগরে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামাইবাবুর মৃতদেহ সৎকার করে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকাতেই বালুরঘাট-তপন রাজ্য সড়কে একটি স্কুটার এসে ধাক্কা মারে। সেই ধাক্কাতেই দ্রুত জখম অবস্থায় ওই ব্যক্তিকে বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের। বালুরঘাট থানার পুলিসের তরফে স্কুটারটিকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।



