রহড়ায় এটিএম লুট! তুমুল চাঞ্চল্য
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার ভোর রাতে রহড়া থানার বন্দিপুর মোড়লপাড়া এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট হয়। দুষ্কৃতীরা এটিএম ভেঙে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এটিএমে সিসি ক্যামেরা, স্বয়ংক্রিয় অ্যালার্ম ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েও শোরগোল পড়েছে।

Advertisement

জানা গিয়েছে, মোড়লপাড়া বাজার লাগোয়া এলাকা জনবহুল। প্রচুর দোকাপাটও রয়েছে। এদিন ভোরে এক ব্যবসায়ী টাকা তুলতে এসে দেখেন এটিএমের সাটার লাগানো রয়েছে। কোনোদিন সাটার লাগানো থাকে না। সন্দেহ হওয়ায় তিনি বাজারের কয়েক জন ব্যবসায়ীকে বিষয়টি জানান। এরপর রহড়া থানায় ফোন করে খবর দেওয়া হয়। দ্রুত রহড়া থানার পুলিশ বাহিনী এসে সাটার তুলে দেখে, এটিএম ভাঙা অবস্থায় রয়েছে। সিসি ক্যামেরাও ভাঙা। পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে পুলিশ জেনেছে, ওই এটিএম থেকে ১৬ লক্ষ ৯৭ হাজার টাকা খোয়া গিয়েছে। তবে সিসি ক্যামেরা ভাঙলেও সার্ভারে দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে। প্রত্যেকের মুখ ঢাঁকা ছিল। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।