Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

হার আতলেতিকোর, হ্যাটট্রিকে পিএসজির নায়ক তোরেস, রাফিনহার ঝলকে জয়ী বার্সেলোনা

৫ ম্যাচে ২২ গোল! নতুন মরশুমে স্বপ্নের ফর্মে বার্সেলোনা। লা লিগায় টানা ৪ ম্যাচে জয়ের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও দারুণ করল হান্স ফ্লিকের ছেলেরা।

হার আতলেতিকোর, হ্যাটট্রিকে পিএসজির নায়ক তোরেস, রাফিনহার ঝলকে জয়ী বার্সেলোনা
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: ৫ ম্যাচে ২২ গোল! নতুন মরশুমে স্বপ্নের ফর্মে বার্সেলোনা। লা লিগায় টানা ৪ ম্যাচে জয়ের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও দারুণ করল হান্স ফ্লিকের ছেলেরা। বুধবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ফেয়েনুর্ডকে ৫-১ ব্যবধানে বশ মানাল কাতালন ক্লাবটি। ম্যাচে জোড়া গোল রাফিনহার। এছাড়া স্কোরশিটে নাম তোলেন করিম আদেয়েমি, লামিনে ইয়ামাল ও গ্যাব্রিয়েল হেসাস। ডাচ ক্লাবটির একমাত্র গোলদাতা সেম স্টেইন। উল্লেখ্য, এদিন বার্সার কনিষ্ঠতম অধিনায়ক হিসাবে অভিষেক ঘটল ইয়ামালের (১৯ বছর ৫৮ দিন)। ম্যাচের ৭১ মিনিটে রাফিনহা মাঠ ছাড়ার সময় ক্যাপ্টেন আর্মব্যান্ড তুলে দেন তরুণ স্প্যানিশ উইঙ্গারের হাতে। এর আগে ২০ বছর বয়সে বোজান কিরিক দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

Advertisement

দিনের অপর ম্যাচে প্রতিপক্ষকে হাফ ডজন গোলের মালা পরাল গত দু’বারের চ্যাম্পিয়ন পিএসজি। বুধবার পার্ক দ্য প্রিন্সেসে স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে হারাল লুই এনরিকে ব্রিগেড। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক ফেরান তোরেসের। পাশাপাশি জোড়া গোল ওসুমানে ডেম্বেলের। অপর গোলটি ফাবিয়ান রুইজের। উল্লেখ্য, নতুন মরশুমে দল বদলের পর পিএসজি’র জার্সিতে অভিষেকেই জোড়া গোল করেছিলেন ফেরান তোরেস। এবার চ্যাম্পিয়ন্স লিগের আসরেও প্যারিসের ক্লাবটির জার্সিতে তাঁর নামের পাশে দুরন্ত হ্যাটট্রিক।
এদিকে, ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল লিভারপুল। ম্যাচের ১৭ মিনিটে মার্কোস লরেন্তের গোলে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের ছেলেরা। তবে প্রথমার্ধেই লিভারপুলকে লড়াইয়ে ফেরান ডোমিনিক সোবোস্লাই। আর দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টারের দুরন্ত লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে ‘দ্য রেডস ব্রিগেড। নতুন মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের রানার্স-আপ আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে নাপোলিকে ১-০ গোলে হারাল মিকেল আর্তেতা ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি মার্টিন ওডেগার্ডের। এছাড়া গালাতাসারের বিরুদ্ধে ৩-১ গোলে জয় তুলে নিল স্পোর্টিং লিসবন।

Advertisement
সম্পর্কিত সংবাদ