নাগরকুর্নুল: টানেল ভেঙে পড়ার পর প্রায় ১০ দিন কেটে গিয়েছে। সময় যত যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। তেলেঙ্গানার নাগরকুর্নুলের অভিশপ্ত টানেলে আটকে থাকা চার শ্রমিককে রবিবার রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি। ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সাহায্যে ‘প্রাণের’ সন্ধান মিলেছে। তার উপর ভিত্তি করে তল্লাশিতে জোর দিয়েছে প্রশাসন। উদ্ধারকারী দলে আরও কর্মী-আধিকারিক ও অত্যাধুনিক যন্ত্রাংশ মোতায়েন করা হয়েছে। রবিবার গোটা দিন সংশ্লিষ্ট স্থানের চাঙর সরানোর কাজ চলেছে। জানা গিয়েছে, টানেল ভেঙে পড়ার কারণে কনভেয়ার বেল্ট নষ্ট হয়ে গিয়েছে। সোমবারের মধ্যে সেটি সারানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তারপর টানেলের মধ্যের চাঙর, কংক্রিট, ধ্বংসাবশেষ বের করতে সুবিধা হবে। শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের সাহায্যে আটক শ্রমিকদের সম্ভাব্য ‘লোকশন’ জানা সম্ভব হয়েছে। তারপরই তল্লাশিতে জোর দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনাস্থলে গিয়েছিলেন। উদ্ধারকারী দল ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।



