Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে পুলকার দুর্ঘটনায় জখম অন্তত ১০ জন পড়ুয়া

স্কুল যাওয়ার পথে পুলকার দুর্ঘটনায় আহত হল অন্তত ১০ জন খুদে পড়ুয়া।

গোঘাটে পুলকার দুর্ঘটনায় জখম অন্তত ১০ জন পড়ুয়া
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আরামবাগ: স্কুল যাওয়ার পথে পুলকার দুর্ঘটনায় আহত হল অন্তত ১০ জন খুদে পড়ুয়া। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গোঘাট থানা এলাকার উল্লাসপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে গাড়িটিকে উদ্ধার করে। গোঘাট থানার এক পুলিস আধিকারিক বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর পাঁচটা দিনের মতোই বুধবার সকালে স্কুল ছিল ঠাকুর গদাধর বিদ্যাপীঠে। ওই বাংলা মাধ্যম স্কুলে স্থানীয় কুমুড়শা গ্রাম থেকে অনেক ছাত্র-ছাত্রী মারুতি ভ্যান গাড়িতে করে স্কুলে যাতায়াত করে। এদিন সকালেও কুমুড়সা গ্রামের প্রায় দশজন খুদে পড়ুয়া ওই ভ্যান গাড়িতে করে স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে স্কুল থেকে আধ কিলোমিটার দূরে একটি রাস্তার পাশে থাকা বাড়িতে সজোরে ধাক্কা মারে ওই স্কুল ভ্যানটি। এই দুর্ঘটনায় আহত হয় পড়ুয়ারা। ধাক্কার বিকট আওয়াজ শুনে স্থানীয় মানুষজন ছুটে থেকে ওই ছাত্র-ছাত্রীদের গাড়ি থেকে বের করে স্কুলে নিয়ে আসে। সেখানে তাদের জল ও বরফ দেওয়া হয়। এরপর ঘটনার খবর পেয়ে ওই ছাত্র ছাত্রীদের পরিবারের লোকজন স্কুলে ছুটে আসেন। সেখান থেকে ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকেরা স্থানীয় গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে নিয়ে আসেন অভিভাবকেরা। ওই গাড়িতে করেই স্কুলে যাচ্ছিল গোঘাট থানা এলাকার কুমুড়শা  গ্রামের বাসিন্দা বিষ্ণু কর্মকারের মেয়ে অনুশ্রী কর্মকার। সে ঠাকুর গদাধর বিদ্যাপীঠের লোয়ার কেজির ছাত্রী। গাড়ি দুর্ঘটনায় অনুশ্রীর ঠোঁট কেটে যায়। মুখে আঘাত পায়। এই প্রসঙ্গে বিষ্ণুবাবু বলেন, গাড়িচালক গত এক মাস হল  নতুন এসেছে। স্থানীয়দের মুখ থেকে শুনলাম বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ বলছেন, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল চালক। আমরা স্কুলের ভরসায় আমাদের  বাচ্চাদের গাড়িতে করে স্কুলে পাঠাই। এরকম দুর্ঘটনা ঘটতে থাকলে আমাদের আর চিন্তার শেষ নেই। আমরা স্কুলকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। এই প্রসঙ্গে ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল নিখিল ব্রহ্মচারী বলেন, গাড়ির বিয়ারিং কেটে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। বাচ্চারা এখন সকলেই সুস্থ রয়েছে। অন্যদিকে, এদিন দুপুরে আরামবাগ থানা এলাকার রতনপুর গ্রামে তেল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত হন গৌরহাটি ১ গ্রাম পঞ্চায়েতের সদস্যা তিথি মন্ডল। জানা গিয়েছে, এদিন তিনি যখন সাইকেল চালিয়ে বাড়ি থেকে পঞ্চায়েতের দিকে যাচ্ছিলেন তখন আরামবাগ-বন্দর প্রধান সড়কের উপর রতনপুর এলাকায় ট্যাঙ্কারটি তাঁকে ধাক্কা মারে। ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ