Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আট বছর পর ১৯০টি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্ঘে নির্বাচনের প্রস্তুতি

আট বছর পর ১৯০টি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্ঘে নির্বাচনের প্রস্তুতি
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: আট বছর পর বাঁকুড়ার ১৯০টি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্ঘে নির্বাচনের প্রস্তুতি শুরু করল প্রশাসন। নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিষয়ে যাবতীয় প্রস্তুতি চলছে। তা সম্পূর্ণ হলেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। এতে সঙ্ঘের সাধারণ সদস্যরা ভীষণ খুশি। বিভিন্ন সঙ্ঘের পরিচালন কমিটির একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু ভোট না হওয়ায় তাঁদের পাল্টানো যাচ্ছিল না। এবার সেই সুযোগ পাওয়া যাবে।
Advertisement
বাঁকুড়া জেলা গ্রামোন্নয়ন শাখার আধিকারিক দেবজিৎ ঘোষ বলেন, ২০১৬ সালে শেষবার সঙ্ঘে নির্বাচন হয়েছিল। ২০২১ সালে তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বর্তমানে প্রতিটি সঙ্ঘে নির্বাচন করানোর নির্দেশে এসেছে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। 
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় ১৯০টি গ্রাম পঞ্চায়েতেই একটি করে সঙ্ঘ রয়েছে। তা জেলা আনন্দধারা প্রকল্পের অধীনে পরিচালিত হয়। তবে প্রতিটি সঙ্ঘ সমবায়ের নিয়মে চলে। সমবায়ের মতো ভোটের মাধ্যমে সঙ্ঘ পরিচালন কমিটি নির্বাচিত হয়। তাদের মধ্যে থেকেই পদাধিকারী নির্বাচিত হয়। ২০১৬ সালে শেষবার সঙ্ঘের নির্বাচন হয়েছে। তারপরে আর নির্বাচন না হওয়ায় পুরনো পরিচালন কমিটিই রয়ে গিয়েছে। অনেক জায়গাতেই সঙ্ঘের পদাধিকারীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সহায়ক মূল্যে ধান কেনা থেকে শুরু করে স্কুল ড্রেস তৈরিতে বিভিন্ন সময়ে ওঠে অনিয়মের অভিযোগ। কিন্তু, নির্বাচন না হওয়ায় তাঁরা বহাল তবিয়তে রয়েছেন। সেই সুযোগে রাজনৈতিক নেতৃত্বকে হাত করে সমানে দুর্নীতি করে চলেছেন বলে অভিযোগ উঠেছে। সেই জন্য জেলার প্রতিটি সঙ্ঘে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্ঘের সাধারণ সদস্যরা জানিয়েছেন, দুর্নীতি হচ্ছে জেনেও সবকিছু  চুপচাপ সহ্য করে নিতে হচ্ছে। নির্বাচন হলে পরিবর্তনের ভয় থাকবে। তাতে ভালো কাজ হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি সংসদে একাধিক স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে একটি উপসঙ্ঘ রয়েছে। উপসঙ্ঘের নেত্রীদের নিয়ে পঞ্চায়েতস্তরে একটি করে সঙ্ঘ রয়েছে। অর্থাৎ, উপসঙ্ঘের সদস্যদের ভোটে সঙ্ঘের পরিচালন কমিটি ঠিক হয়। তাদের মধ্যে থেকেই সভানেত্রী, সম্পাদিকা ও কোষাধ্যক্ষা ঠিক করা হয়। বাকিরা সাধারণ সদস্য হিসেবে থাকেন। তাঁদের অভিযোগ, সাধারণ সদস্যদের অন্ধকারে রেখে পদাধিকারীদের একাংশ নানা বিষয়ে দুর্নীতি করে চলেছে। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। দীর্ঘদিন ভোট না হওয়ায় তাদের পাল্টানোর সুযোগও পাননি। এবার নির্বাচন হলে তাঁরা সচেতনভাবে প্রতিনিধি নির্বাচন করবেন বলে জানিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ