অমিত চৌধুরী, চন্দননগর: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি বিশ্বজোড়া। নজরকাড়া মণ্ডপ ও প্রতিমা দর্শনের জন্য রাত জেগে পায়ে হেঁটে ঘুরছেন দর্শনার্থীরা। ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, সর্বত্রই এক চিত্র। এই তিন জনপদে উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে রয়েছে গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ। ৪৬ তম বর্ষে তাদের থিম ‘অস্তাচল’। জীবনযুদ্ধে সংসারের প্রতি বাবাদের প্রতিদিনের লড়াই, সন্তানের প্রতি দায়বদ্ধতা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। মণ্ডপের প্রবেশ দ্বারেই রয়েছে অস্তমিত সূর্য। ভিতরে কোথাও বাবাকে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, প্রতিমা শিল্পী, মাছ ব্যবসায়ী, কোথাও আবার রিকশচালক হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। সন্তানের স্কুলের সরস্বতী পুজোর চাঁদা, প্রাইভেট টিউটরের বেতন, বই-খাতা কেনা, সন্তানের বাইকের আব্দার— সব বোঝা কাঁধে নিয়ে প্রতিদিন লড়াই করতে হয় বাবাদের। অথচ ছেঁড়া জামা, লুঙ্গি পরে হাসিমুখে তিনি সবাইকে বলেন, আমি ভালো আছি। সকলের সব চাহিদা পূরণ করতে পারলেই খুশি বাবারা। এভাবেই মণ্ডপে মায়ের পাশাপাশি বাবাদের জীবন যুদ্ধ ফুটিয়ে তোলা হয়েছে।
তিলিঘাট সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির দেবী আরাধনা এবার ৫৯ তম বর্ষে পদার্পণ করল। এখানে দেবীর মুখ ছাঁচে তৈরি হয় না। শিল্পী নিজের হাতেই গড়ে তোলেন দেবীর মুখ। কমিটির সদস্য সৌগত চট্টোপাধ্যায় বলেন, প্রতি বছর জানুয়ারি মাস থেকেই আমরা জগদ্ধাত্রী পুজো নিয়ে মাঠে নেমে পড়ি। এবার আমাদের পুজোর থিম ‘হারিয়ে যাওয়া পটচিত্র’। পটচিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। শিব-পার্বতী, কৃষ্ণ, লক্ষ্মী, গণেশ বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা রয়েছে পটচিত্রে।
এছাড়াও রয়েছে গোন্দলপাড়া মনসাতলা জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। ৮৫ তম বর্ষে এখানে মণ্ডপ সাজানো হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে। ডাকের সাজের সাবেকি প্রতিমা। ডাকের সাজেই সাজানো হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। শোলার অপূর্ব কাজ মুগ্ধ করেছে দর্শকদের।



