Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আসতে পারছেন না ভুটানের প্রতিনিধিরা স্থগিত হয়ে গেল বৈঠক

আসতে পারছেন না ভুটানের প্রতিনিধিরা স্থগিত হয়ে গেল বৈঠক
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আসতে পারছেন না ভুটানের প্রতিনিধিরা। ফলে স্থগিত হয়ে গেল দুই দেশের বৈঠক। ১২ ও ১৩ ডিসেম্বর ডুয়ার্সের চালসায় ওই বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে সীমান্ত সংক্রান্ত নানা বিষয়ের সঙ্গে নদী, পরিবহণ, পর্যটন নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছিল প্রশাসনের তরফে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার পাশাপাশি ভুটানের তরফে যোগ দেওয়ার কথা ছিল ফুন্টসেলিং, সামসি জেলার প্রশাসনিক আধিকারিকদের। যদিও বুধবার জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন বলেন, জাতীয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতির জন্য ভুটানের প্রশাসনিক আধিকারিকরা ব্যস্ত। সেকারণে তাঁরা আসতে পারছেন না। ফলে ওই বৈঠক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ভুটানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বৈঠকের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। 
Advertisement
এদিকে, ভুটানের সঙ্গে বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় কিছুটা হলেও হতাশ উত্তরের পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, ভারতীয় পর্যটকদের উপর দৈনিক মাথাপিছু ১২০০ টাকা করে সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি ধার্য করেছে ভুটান। এর ফলে ইচ্ছে থাকলেও পর্যটকরা ভুটানে যেতে পারছেন না। তাছাড়া ভুটানের গাড়ি এদেশে বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখানকার গাড়ি ভুটানে গেলে দিনে সাড়ে চার হাজার টাকা করে ফি ধার্য করা হচ্ছে। যা অত্যন্ত বেশি। পর্যটনের স্বার্থে বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে আশা করেছিলেন তাঁরা। আপাতত স্থগিত হলেও দ্রুত ইন্দো-ভুটান ওই বৈঠক হোক, চাইছেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা।  
সম্পর্কিত সংবাদ