নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্শ্বশিক্ষক বা প্যারাটিচাররা মাস গেলেই আর বেতন পাবেন না। তার আগে নিশ্চিত করতে হবে, তাঁরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না। প্রধান শিক্ষক তা নিশ্চিত করে পাঠালে তাঁদের বেতন দেবে সমগ্র শিক্ষা মিশন। পার্শ্বশিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে স্কুলছুট শিশুদের চিহ্নিত করে তাদের স্কুলে আনার উদ্যোগ নেবেন, পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের রেমেডিয়াল ক্লাস নেবেন এবং টিচিং-লার্নিং মেটেরিয়াল (টিএলএম) তৈরি করে তা ক্লাসে ব্যবহারের উদ্যোগ নেবেন। তাঁরা এই কাজ করেছেন কি না প্রধান শিক্ষক নিশ্চিত করলে তবেই বেতন পাবেন সংশ্লিষ্ট শিক্ষক।
বিজেপি সরকার রাজ্যের প্রায় ৪২ হাজার পার্শ্বশিক্ষকের বেতন পাঁচ হাজার টাকা বাড়িয়েছে। প্রায় আট বছর বাদে বেড়েছে বেতন। গত মাস থেকে বর্ধিত বেতন পেতে শুরু করেছেন তাঁরা। তাই সরকারকে ধন্যবাদ দিতে ২৬ নভেম্বর শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত অভিনন্দন যাত্রা করেছেন হাজার হাজার পার্শ্বশিক্ষক। আর ঠিক তার পরের দিন, ২৭ নভেম্বর এই নির্দেশ এল। ন্যস্ত দায়িত্বগুলি অবশ্য অস্বীকার করছেন না পার্শ্বশিক্ষকরা। তবে জানিয়েছেন, বাস্তব সমস্যা অন্য। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের নেতা ভগীরথ ঘোষ জানান, উপরিউক্ত দায়িত্বগুলি থাকলেও তা তাঁরা পালনের সুযোগ পান না। কারণ তাঁদের স্থায়ী শিক্ষকদের মতো নিয়মিত ক্লাস নিতে হয়। প্রচুর স্কুলে স্থায়ী শিক্ষকের তুলনায় পার্শ্বশিক্ষকের সংখ্যা বেশি। তাই তাঁরা অন্য কাজ করতে গেলে নিয়মিত পঠনপাঠন বন্ধ হয়ে যাবে। বিষয়টি প্রধান শিক্ষকরাও জানেন। তবে সমস্যা অন্য জায়গায়। অনেকক্ষেত্রেই দেখা যায়, প্রধান শিক্ষকরা নিজেদের মন জুগিয়ে চলতে বাধ্য করেন পার্শ্বশিক্ষকদের। শিক্ষিকাদের ক্ষেত্রে অন্যরকম বঞ্চনাও হয়। সে ক্ষেত্রে সম্পূর্ণ বেতনের বিষয়টি প্রধান শিক্ষকদের হাতে থাকলে অন্য সমস্যা হবে। অভিনন্দন যাত্রার পরদিন এই নির্দেশ আসা এত বছরের চাকরি জীবনের প্রতি অপমান।
অন্যান্য পার্শ্বশিক্ষকরা জানিয়েছেন, টিচিং লার্নিং মেটেরিয়ালের টাকাও অন্য খাতে ব্যয় হয়ে যায়। তাই উপরমহল থেকে এ ধরনের নির্দেশ বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দায়িত্বগুলি তাঁদের পালন করতে বলা হয়েছে তা তাঁদের করতে দেওয়া হলে কোনো আপত্তি থাকে না। অথচ নিয়মিত পাঠনপাঠনে যুক্ত থেকে এই কাজগুলি করা অসম্ভব।



