সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিয়মিত অফিস না আসার অভিযোগে পঞ্চায়েত সহায়ককে দু’বার শোকজ করেছিলেন বিডিও। তারপরেও অনিয়মের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এবার সহায়কের গাফিলতির কারণে কেন্দ্রীয় প্রকল্পের ৪০ হাজার টাকা থেকে বঞ্চিত হল দিনমজুর পরিবার। প্রতিবাদে শনিবার সহায়ককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রকল্প থেকে বঞ্চিত পরিবার ও ভুক্তভোগী এলাকার মানুষ। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহায়ক প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারী গাঙ্গনদীয়া গ্রামের বাসিন্দা মকসুদ আলম বলেন, ২০২২ সালে ডিসেম্বর মাসে আমার বাবার মৃত্যু হয়। জাতীয় পরিবার সুবিধা প্রকল্পের ৪০ হাজার টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে তিন মাসের মধ্যে পঞ্চায়েতে কাগজ জমা করেছিলাম। দু’বছর কেটে গেলেও প্রকল্পের টাকা পাইনি। পঞ্চায়েতের সহায়ক নিয়মিত অফিস আসেন না। ফোন করলে ধরেন না। ব্লক থেকে জানতে পারি সহায়ক সময়ে অনলাইনে আবেদন করেননি। কাগজপত্রও আপলোড হয়নি। মৃত এসদানির নামে কোনও রেকর্ড নেই বলে এই প্রকল্পের সুবিধা আর পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। সহায়ক প্রসেনজিতের দাবি, সব কাগজপত্র জমা করেছি। কেন হয়নি ব্লক থেকে খোঁজ নিয়ে দেখব।



