বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে ডলংঘাটে বুধবার বিজেপি প্রার্থী দেবাশিস শর্মার সমর্থনে জনসভা। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অসম বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া ও বিধায়ক রমাকান্ত দেওরি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য রমাকান্তের। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘সভা ছেড়ে কেউ মাঝপথে বেড়িয়ে গেলে বন্ধ করে দেওয়া হবে তাঁর ‘অরুণোদয়’ প্রকল্পের সুবিধা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য, এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তার সংস্থান রয়েছে।
জানা গিয়েছে, সভা শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু দলীয় নির্দেশ অনুযায়ী বেলা সাড়ে ১২টা থেকেই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেন মানুষ। প্রায় সাড়ে ৩টে নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল, শইকিয়া ও রমাকান্ত সেখানে পৌঁছন। তাঁদের এক ঝলক দেখার পর সভাস্থল থেকে অনেকেই বেরিয়ে যেতে শুরু করেন। এরইমাঝে মাইক্রোফোন হাতে নিয়ে নেতাদের বক্তব্য শোনার আহ্বান জানান বিধায়ক। তিনি বলেন, সভা থেকে চলে গেলে ‘অরুণোদয়’ প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, যাঁরা বেরিয়ে যাচ্ছেন, তাঁদের সন্তানদের ‘অভিশাপ’ লাগবে, এমনকি ঈশ্বর-আল্লাও ক্ষমা করবেন না।