নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রবিবার আড়ষা থানার ভুদামোড় এলাকায় পর্যটকদের একটি গাড়ির ধাক্কায় স্কুটি আরোহী জখম হয়েছেন। এদিন বিকেল ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সিরকাবাদ থেকে অযোধ্যা পাহাড়ে উঠছিল পর্যটকদের গাড়িটি। অন্যদিকে, পাহাড় থেকে নেমে সিরকাবাদের দিকে যাচ্ছিল একটি স্কুটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে স্কুটিতে। গাড়িটি গার্ডরেল ভেঙে রাস্তার ধারে ঢুকে যায়। গার্ডরেল থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পর্যটকরা। স্কুটিটি দুমড়ে মুচড়ে গিয়েছে। জখম যুবককে উদ্ধার করে সিরকাবাদ হাসপাতালের ভর্তি করা হয়। পুলিস জানিয়েছে, পর্যটকদের গাড়িটি উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে আসছিল। গাড়িতে মোট ২০জন পর্যটক ছিলেন।



