Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলের আদালত চত্বরে বসল সিসি ক্যামেরা

আসানসোলের আদালত চত্বরে বসল সিসি ক্যামেরা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অত্যাধুনিক সিসি ক্যামেরার চাদরে ঢাকা পড়ল আসানসোল আদালত চত্বর। সম্প্রতি আসানসোল আদালত চত্বরে বহু নথি চুরি হয়ে যায়। কোটি কোটি টাকা মূল্যের জমি সংক্রান্ত মামলা চলছে এই আদালতে। সেখানে হানা দিয়েছিল চোর। আসানসোল আদালত চত্বরে রয়েছে সিবিআই বিশেষ আদালত। সুবোধ সিংয়ের মতো ঝাড়খণ্ড বিহারের কুখ্যাত গ্যাংস্টারদের এই আদালতেই তোলা হয়। এই গুরুত্বপূর্ণ আদালতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে পুলিস ও প্রশাসন। জানা গিয়েছে, পুরো আদালত চত্বরজুড়ে অত্যাধুনিক ৯০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। যার নজরদারিতে যেমন রয়েছে আদালত চত্বরের বটতলা থেকে আদালত কক্ষের সামনের করিডরগুলিও। নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আসানসোল বার অ্যাসোসিয়েশন। তবে শুধু আসানসোল আদালত চত্বরেই নয়, আসানসোল সিটি বাসস্ট্যান্ডও সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। এই এলাকাটি শহরের যাতায়াতের মূল মাধ্যম। বিহার ঝাড়খণ্ড থেকে আসা বাসগুলি এই বাসস্ট্যান্ড হয়েই বাংলার অন্যত্র পাড়ি দেয়। সাম্প্রতিককালে যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে তাতে উদ্বিগ্ন পুলিস। তারপরই আসানসোল পুরসভার উদ্যোগে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। 
Advertisement
আসানসোল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল বলেন, সিসি ক্যামেরা বসানোর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। নিরাপত্তার স্বার্থে এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আইনজীবী আশিস মুখোপাধ্যায় বলেন, আদালত চত্বরে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিদ্র থাকবে এটাই তো স্বাভাবিক। 
আসানসোল শিল্পাঞ্চলে জমি নিয়ে বিতর্ক বহু পুরনো। রাজ্যের অন্যতম বড় শহর আসানসোলে জমির দাম আকাশ ছোঁয়া। এক একটি ছোট জমির মূল্যই কোটি কোটি টাকা। যা নিয়ে মামলা মোকদ্দমা লেগেই থাকে। আসানসোল আদালতের সিভিল কোর্টে মামলার পাহাড় জমছে। সেই কোর্টেই  হানা দিয়েছিল চোরের দল। দরজা ভেঙে বহু নথি গায়েব হয়। বেশ কয়েকজনকে পুলিস গ্রেপ্তার করলেও অনেকের সন্দেহ ছিল এর পিছনে রয়েছে বড় ষড়যন্ত্র। তারপরই আদালতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে তৎপর হয় পুলিস প্রশাসন থেকে বিচার বিভাগ। অবশেষে মিলল সুফল, বসল সিসি ক্যামেরা। কোর্ট ইন্সপেক্টরের কক্ষে লাইন দিয়ে সাজানো মনিটার। সেখানে প্রতিনিয়ত নজরদারি করছেন পুলিস আধিকারিকরা। আসানসোলে রয়েছে সিবিআই বিশেষ আদালত। শিল্পাঞ্চলের কুখ্যাত কারবারিদের নিত্য আনাগোনা আদালত চত্বরে। ঘটনায় জড়িত বহু অভিযুক্তকে আসানসোল আদালতে আনা হয়, রয়েছে একাধিক গ্যাংস্টারের মামলা, যাদের বিরোধী পক্ষ রয়েছে। এই অবস্থায় যেকোনও সময় বড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে।  ঠিক তেমনি আসানসোল বাসস্ট্যান্ডেরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল। বাসস্ট্যান্ড চত্বর থেকে বাসের নানা সামগ্রী চুরিরও ঘটনা ঘটেছে। পাশাপাশি ভিন রাজ্যের বাসগুলিকে পাখি থেকে মাদক, অস্ত্র কারবারে ব্যবহার করা হচ্ছে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে আসানসোল পুরসভা সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করল। আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। 
সম্পর্কিত সংবাদ