Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল-দুর্গাপুর লোকালকে বর্ধমান অব্দি চালানোর দাবি উঠল

আসানসোল-দুর্গাপুর লোকালকে বর্ধমান অব্দি চালানোর দাবি উঠল
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: আসানসোল-দুর্গাপুর লোকাল ট্রেনকে বর্ধমান পর্যন্ত চালানোর দাবি জোরালো হচ্ছে। সম্প্রতি আসানসোল ডিভিশনে লিখিতভাবে সেই দাবি পেশ করা হয়েছে। রেলের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আসানসোল-বর্ধমান রুটে সারাদিনে ১৩টি আপ ও ডাউন লোকাল চলে। কিন্তু দুর্গাপুর থেকে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটের পর প্রায় চার ঘণ্টা বর্ধমানগামী লোকালের জন্য বসে থাকতে হচ্ছে। পানাগড়, মানকর, বুদবুদের যাত্রীদের বক্তব্য, ০৩৬১০ ট্রেনটি রাত ৮টা ২৫ মিনিটে আসানসোল থেকে ছেড়ে দুর্গাপুর পৌঁছয় রাত ৯টা ১০ মিনিটে। তারপর দীর্ঘক্ষণ দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে থেকে রাত ১০টা ২৫ মিনিটে রওনা দেয় আসানসোলের উদ্দেশ্যে। আসানসোলে পৌঁছয় রাত ১১টা ১০ মিনিটে। ওই ট্রেনটিকে দুর্গাপুরের বদলে বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হোক। তাহলে দুর্গাপুর ছাড়াও রাজবাঁধ, পানাগড়, মানকর, গলসি সহ একাধিক এলাকার মানুষ উপকৃত হবেন। 
Advertisement
মানকরের নিত্যযাত্রী সঞ্জীব পাল বলেন, দুর্গাপুর থেকে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে ১৩৫০৪ রাঁচি হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের পরে একেবারে শেষ লোকাল ট্রেন ০৩৫৫২ আসানসোল-বর্ধমান লোকাল। দুর্গাপুরে ট্রেনটির সময় রাত ১০টা ৩৯মিনিট। কোনও কারণে রাঁচি হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস না পেলে প্রায় চার ঘণ্টা বসে থাকতে হচ্ছে। কিছুদিন আগে আমার মা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ওই সময়ে কোনও ট্রেন না থাকায় ট্রেনে বেশি টাকা খরচ করে গাড়ি ভাড়া করে ফিরতে হয়েছে। বর্ধমান পর্যন্ত ওই লোকাল ট্রেনটি সম্প্রসারিত হলে বহু যাত্রীর উপকার হবে। গলসির রাজা খান বলেন, দু’টি ট্রেনের মাঝে অনেকটা ফাঁক। ওই সময়ে বর্ধমান পর্যন্ত ট্রেন দেওয়া দরকার। লাস্ট লোকাল অনেক সময়ে দেরি করে, ফলে আমাদের ভুগতে হচ্ছে। পানাগড়ের বাসিন্দাদের একাংশের বক্তব্য, এই এলাকা থেকে বহু মানুষ দুর্গাপুর, অন্ডালে কাজে যান। রাত্রে বাসে ফেরার সুবিধা সেভাবে না থাকায় প্রায় অধিকাংশই ট্রেনের উপর নির্ভর করেন। কিন্তু দু’টি ট্রেনের সময়ের দীর্ঘ ব্যবধানের ফলে সমস্যা হচ্ছে। এমনকী ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস ট্রেনটির পানাগড়ে স্টপেজ থাকলেও রাত ১১টা ২৩ মিনিটের বদলে প্রায়ই লেট করে আসছে। ফলে কোনওদিক থেকেই যাত্রীদের সুবিধা হচ্ছে না। 
সম্পর্কিত সংবাদ