Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে উদ্বোধন হল ব্যথা নিরাময় কেন্দ্রের

আসানসোলে উদ্বোধন হল ব্যথা নিরাময় কেন্দ্রের
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ক্যান্সার থেকে মানসিক যন্ত্রণা, সবকিছুরই মুশকিল আসান হতে চলেছে আসানসোল জেলা হাসপাতাল। সেই লক্ষ্যে, শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে ব্যথা নিরাময় কেন্দ্রের উদ্বোধন হল। দায়িত্বে থাকবেন মনোরোগ থেকে ক্যান্সার বিশেষজ্ঞরা। রাজ্যের আটটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই কেন্দ্রের উদ্বোধন হয়েছে। তারমধ্যে অন্যতম আসানসোল জেলা হাসপাতাল। চিকিৎসকদের দাবি, এখানে সবরকম যন্ত্রণার উপশম হওয়া সম্ভব। প্রাথমিকভাবে জেলা হাসপাতালে প্রতি শুক্রবার এই কেন্দ্র খোলা থাকবে। জেলা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ কৌশিক পাল বলেন, মানুষ মূলত চার রকমের যন্ত্রণায় কাতর হন। শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক যন্ত্রণা। এখানে চার রকমের যন্ত্রণাই নিরাময় হবে। সেজন্য আমরা বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছি। তিনি আরও বলেন, প্রথম কোনও জেলা হাসপাতাল হিসেবে আমরাই ক্যান্সার যন্ত্রণা কমাতে মরফিনের ব্যবহার শুরু করি। আমাদের হাসপাতালে আগেই যন্ত্রণা কমানোর চিকিৎসা শুরু হয়। এবার তা একছাতার তলায় আনা হল। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, এখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন নতুন পরিষেবা চালু করেছি। বহু মানুষকে যন্ত্রণায় কাতরাতে দেখেছি। এখানে সেই যন্ত্রণা থেকেই মুক্তি মিলবে। ডেপুটি সিএমওএইচ অনন্যা মুখোপাধ্যায় বলেন, এই সেন্টারের জন্য অতিরিক্ত স্টাফ দেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ