নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অবশেষে টনক নড়ল রেলের। ছটপুজো উপলক্ষ্যে যাতায়াতের জন্য আসানসোল থেকে অসংরক্ষিত কামরার ট্রেন চালানো শুরু হল। সোমবার দু’টি স্পেশাল ট্রেন আসানসোল থেকে পাটনার উদ্দেশে যায়। ১৪টি অসংরক্ষিত কামরা রয়েছে এই স্পেশাল ট্রেনে। একটি ছেড়ে যায় দুপুর ১টা ২০ মিনিটে। অন্যটি যায় সন্ধ্যা সাড়ে ৬টায়। দু’টি ট্রেনেই ব্যাপক ভিড় দেখা যায়। শুধু সোমবার নয়, মঙ্গল ও বুধবারও অসংরক্ষিত কামরার দু’টি করে স্পেশাল ট্রেন আসানসোল থেকে পাটনার উদ্দেশে চালাবে পূর্ব রেল। ট্রেনগুলি চিত্তরঞ্জন, জামতাড়া, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, মোকামা, বক্তিয়ারপুর, পাটনা সাহিব, রাজেন্দ্রনগর হয়ে পাটনা জংশনে গিয়ে যাত্রা শেষ করবে। মঙ্গল ও বুধবার আসানসোল থেকে দু’টি ট্রেন ছাড়বে দুপুর ১টা ৫০ ও সন্ধ্যা সাড়ে ৬টায়। স্পেশাল ট্রেনগুলি পাটনা জংশন থেকে দুপুর ৩টে ১৫ ও রাত ১২টা ৫মিনিটে ছেড়ে আসানসোলের উদ্দেশে আসবে।
Advertisement
প্রসঙ্গত, পূর্ব রেল ছটপুজো উপলক্ষ্যে বহু সংরক্ষিত কামরার স্পেশান ট্রেনের ঘোষণা আগেই করেছিল। কিন্তু সাধারণ মানুষ জেনারেল কামরায় ভিড়ে ঠাসাঠাসি করে যাতায়াত করতে থাকেন। সোমবার ‘বর্তমান’এ তা প্রকাশিত হয়। তারপরই একের পর এক অসংরক্ষিত ট্রেন আসানসোল থেকে পাটনার উদ্দেশে যাওয়ায় যাত্রী মহলে স্বস্তি ফিরেছে।



