নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাইক চোরের পর্দাফাঁস করল আসানসোল উত্তর থানার পুলিস। শনিবার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় পুলিস একটি নম্বরপ্লেটহীন চোরাই বাইক উদ্ধার করেছিল। সেই সূত্রেই তদন্তে নেমে পুলিস আরও পাঁচটি চোরাই বাইক উদ্ধার করেছে। বাইক চোরকে গ্রেপ্তারও করা হয়েছে। জানা গিয়েছে, শুভ্রশীল ঘোষ ওরফে অমিতের বাড়ি মহিশীলা গ্রামে। আগে সে জামুড়িয়ায় একটি বেসরকারি কারখানায় কাজ করত। পরবর্তীতে তার কাজ চলে যায়। তারপরই সে বাইক চুরির রাস্তায় নামে। জানা গিয়েছে, মাস্টার-কি ব্যবহার করে অমিত নিমেষে বাইক চুরি করে। তবে বাইক চুরি করলেও সেগুলি বিক্রির ঝক্কিতে যায় না। বরং সেই বাইকগুলি ভাড়া দিয়ে টাকা রোজগার করে। অমিতের কাছে নানা ধরনের নম্বরপ্লেট বিহীন বাইক পাওয়া যায়। এবিষয়টি অপরাধ জগতের সঙ্গে যুক্তরা জেনে গিয়েছে। অপরাধের ধরণ অনুযায়ী তারা বাইক ভাড়া নিয়ে যায়। আসানসোল হিলভিউয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনাতেও ডাকাতরা অমিতের কাছ থেকেই বাইক নিয়েছিল। সোমবার সাংবাদিক সম্মেলন করে পুলিস পুরো বিষয়টি প্রকাশ্যে আনে। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি(সেন্ট্রাল-১) বিশ্বজিৎ নস্কর বলেন, এখনও পর্যন্ত ছ’টি বাইক উদ্ধার করা হয়েছে। একটি কুলটি থেকে এবং আরও একটি আসানসোল উত্তর থানার কাল্লা থেকে চুরি হয়েছিল। বাকি বাইকগুলির হদিশ করা হচ্ছে।



