নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল থেকে বরাকর সম্প্রীতির ছট উৎসব ধরা পড়ল শিল্পাঞ্চলের নানা প্রান্তে। ছটের সামগ্রী বিক্রি থেকে ছট ঘাটের সংস্কার করা, এমনকী ছট ঘাট সাজিয়ে তুলতেও হাত মেলালেন মুসলিমরা। তেমনই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেও দেখা যায় সংখ্যালঘু পরিবারের সদস্যদের।
Advertisement
ছট উৎসব এলেই জামতাড়া থেকে আসানসোলের হাজির হন মুবারক। ৩০ বছর ধরে এই সময়ে তিনি আসানসোলে হাজির হন ছটের সামগ্রী বিক্রির জন্য। তাঁর কাছ থেকে বছরের পর বছর ছটের সামগ্রী কিনে আসছেন ছটব্রতিরা। মুবারক সাহেব বলেন, এবার আমাদের যথেষ্ট লাভ হয়েছে। জিনিসপত্রের দাম বাড়লেও কেনাকাটা বেড়েছে।



