Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে নার্স, ছাত্রী ও চিকিৎসকদের আত্মরক্ষা শেখানোর উদ্যোগ পুলিসের

আসানসোলে নার্স, ছাত্রী ও চিকিৎসকদের আত্মরক্ষা শেখানোর উদ্যোগ পুলিসের
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নার্সিং কলেজের পড়ুয়াদের তাইকোন্ড শেখাবে পুলিস। শুধু তাইকোন্ড নয়, আত্মরক্ষার জন্য যা যা টেকনিক প্রয়োজন তা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোল ইএসআই হাসপাতাল ও আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের উদ্যোগে এই অভিনব প্রয়াস শুরু হতে চলেছে বুধবার থেকেই। একমাস ধরে ১৫০ নার্সিং পড়ুয়াকে এই বিশেষ প্রশিক্ষণ দেবে পুলিস। যাতে বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে প্রাথমিক ধাক্কা সামলে দুষ্টকে জব্দ করতে পারেন তাঁরা। আরজি কর কাণ্ডের পর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুধু আসানসোল ইএসআই হাসপাতালই নয়, আসানসোল জেলা হাসপাতালে মহিলা নার্স ও চিকিৎসকদেরও এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ নেওয়া থাকলে মানসিকভাবেও শক্তিশালী থাকবেন স্বাস্থ্যকর্মীরা। 
Advertisement
ডিসি(সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, আমরা ইএসআই হাসপাতালের নার্সিং পড়ুয়াদের একমাসের প্রশিক্ষণ দেব। জেলা হাসপাতালের নার্স ও চিকিৎসকদের জন্যও এই ধরনের প্রশিক্ষণ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোল ইএসআই হাসপাতালের সুপার অতনু ভদ্র বলেন, এই প্রশিক্ষণের পাশাপাশি সাইবার অপরাধও এখন আমাদের কাছে বড় চিন্তার। এই প্রশিক্ষণ শেষ করার পর সাইবার অপরাধ থেকে কীভাবে বাঁচা যাবে তা নিয়েও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 
আরজি কর কাণ্ড রাজ্যবাসীকে নাড়া দিয়েছিল। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার অন্যতম পদক্ষেপ হিসেবে রয়েছে মেয়েদের আরও শক্তিশালী করে তোলা। বিভিন্ন জায়গায় মহিলা স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের উদ্যোগ শুরু হয়েছে। তাই অভিজ্ঞ প্রশিক্ষক ও দাবাং মহিলা পুলিস অফিসার দিয়েই সেই ট্রেনিং করাতে চলেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ