নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্রদ্যুম-কুশুয়া জুটি আসানসোল উত্তর থানার পুলিসরে ঘুম কাড়ছে। পথচলতি মানুষের মোবাইল ছিনতাই থেকে একাধিক বাড়ি চুরি কাণ্ডে নাম ছড়িয়েছে দুই যুবকের। পুলিসের হাতে একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর শিক্ষা হয়নি। জামিন পাওয়ার পরই ফের অপারেশনে নামছে তারা। শুক্রবার আসানসোল উত্তর থানার বীরপাড়া এলাকায় একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাস্তায় মহিলা ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে বাইক চালিয়ে তিন ছিনতাইবাজ তাঁর মোবাইলটি ছিনিয়ে নেয়। তদন্তে নেমে পুলিস রবিবার তিনজনকে গ্রেপ্তার করে। পুলিস সিসি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পারে এই অপারেশনও চালিয়েছে প্রদ্যুম পাণ্ডে ও দীপক কুশুয়া। সঙ্গে ছিল সন্দীপ গোপ। সন্দীপের বিরুদ্ধে আগে কোনও চুরির তথ্য না থাকলেও প্রদ্যুত একাধিকবার চুরি কাণ্ডে গ্রেপ্তার হয়েছে। দীপক কুশুয়া আবার মোবাইল ছিনতাইয়ের ওস্তাদ। এদিন দুই অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এসিপি বিশ্বজিৎ নস্কর বলেন, একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।



