সংবাদদাতা, মেদিনীপুর: রাজ্যের মেডিক্যাল কলেজ সহ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলি নিয়মিত পরিষ্কার করতে হবে। হাসপাতাল চত্বরে আবর্জনা, ঝোপঝাড়, নিকাশি নালা পরিষ্কার রাখতে হবে। পুরসভাগুলি এই কাজ করবে। এজন্য পুরসভাগুলির কাছে খরচের হিসেব চাইল রাজ্য নগরোন্নয়ন দপ্তর বা সুডা। জেলা স্বাস্থ্যদপ্তরের মাধ্যমে এই হিসেব পাঠাতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্ষেত্রে ৩০জন, জেলা হাসপাতালে ২০, মহকুমা হাসপাতালে ১০, উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রতিদিন পাঁচজন করে সাফাইকর্মী কাজ করবেন। সেইমতো পুরসভাগুলিকে এস্টিমেট করে পাঠাতে বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, রাজ্য থেকে নির্দেশ এলে কাজ শুরু হবে। সাফাইকর্মীদের মজুরি দেবে সুডা। খড়্গপুর পুরসভার এক আধিকারিক বলেন, সুডা থেকে চিঠি পাঠিয়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির শ্রেণিবিন্যাস অনুযায়ী এস্টিমেট পাঠাতে বলা হয়েছে। এখন পুরসভার যা ক্ষমতা আছে তার উপর ভিত্তি করে হাসপাতালগুলি পরিষ্কার করা হয়। এবার পরিষ্কারের জন্য আলাদাভাবে সাফাইকর্মী নিয়োগ করা যাবে। পুরসভাগুলি দৈনিক ২০২টাকা মজুরিতে কর্মী নিয়োগ করতে পারে। সেইমতো সাফাইকর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে পুরসভাগুলি নিয়মিত এই কাজ পরিচালনা করবে। আমরা জেলা স্বাস্থ্যদপ্তরে এস্টিমেট পাঠিয়ে দিয়েছি।



