নয়াদিল্লি: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে তিরস্কৃত হলেন মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। বৃহস্পতিবার তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ‘বিজয়ের মন্তব্য গ্রহণযোগ্য নয়। এই মন্তব্য সংবেদনশীল নয়।’ সম্প্রতি এক জনসভায় কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য করেছিলেন বিজয়। এরপরেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে মধ্যপ্রদেশ হাইকোর্ট। বুধবার হাইকোর্ট বিজয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরেরও নির্দেশ দেয়। এরপরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিজয়। কিন্তু শীর্ষ আদালতে স্বস্তি মেলেনি তাঁর। বৃহস্পতিবার আর্জির শুনানিতে প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ জি মাসিহার বেঞ্চ বলে, ‘আপনি কে তা আপনি ভালোই জানেন। আমরা জানি কিছুই হবে না। কারণ আপনি মন্ত্রী।’ শুক্রবার ফের শুনানি। এদিন বেঞ্চ বলে, ‘কী ধরনের মন্তব্য করছেন, তা আপনি জানেন? সাংবিধানিক পদে থাকা যে কোনও ব্যক্তিকে দায়িত্বশীল হতে হবে। বিশেষত, দেশ যখন অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মন্ত্রী বলে যা কিছু বলা যায় না। আপনার সংবেদনশীলতা দেখানো উচিত। যান, হাইকোর্টে গিয়ে ক্ষমা চান।’ এদিন বিজয়ের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী বিভা মাখিজা বলেন, মন্ত্রীর মন্তব্যকে ভিন্ন প্রেক্ষিতে দেখা হচ্ছে। তিনি আসলে কর্নেল কুরেশির সাহসিকতার প্রশংসাই করতে চেয়েছিলেন। তাছাড়া মন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন। অন্যদিকে, মন্ত্রীকে আড়াল করার চেষ্টার জন্য রাজ্য পুলিসকে ভর্ৎসনা করে মধ্যপ্রদেশ হাইকোর্ট । বিচারপতি অতুল শ্রীধরণ এবং বিচারপতি অনুরাধা শুক্লাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এফআইআরের কপি তুলে ধরে বলেন, ‘এটা কি? আপনারা কি এফআইআর পড়েছেন? কী দোষে এফআইআর সেটা কোথায়?’ আদালতের মতে, এফআইআর এমনভাবে লেখা হয়েছে, যাতে অপরাধ থেকে পার পাওয়া যায়।



