Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আশিস, বসন্তদের পদক জয়ে আবেগাপ্লুত নীরজ

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন নীরজ চোপড়া।

আশিস, বসন্তদের পদক জয়ে আবেগাপ্লুত নীরজ
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন নীরজ চোপড়া। সদ্য সমাপ্ত এই আসরে দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ মিলিয়ে মোট তিনটি পদক এসেছে দেশে। এই সাফল্যের মধ্যে নতুন আশার আলো দেখছেন নীরজ।

Advertisement

আমেরিকার ইউজিনে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বমিটে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে রুপো জেতেন আশিস যাদব। তিনি ছুড়েছেন ৭৪.০৯ মিটার। নীরজ চোপড়ার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই আসরে জ্যাভেলিনের পদক জেতেন আশিস। এছাড়াও এবার হাই জাম্পে রুপো জেতেন বসন্ত কুমার মেঘওয়াল। আর পুরুষদের লং জাম্পে ব্রোঞ্জ জিতে ভারতের পদক জয়ের তালিকা পূর্ণ করেন শাহনাওয়াজ খান। উল্লেখ্য, ২০১৬ সালে এই আসরে জ্যাভেলিনে সোনা জিতেছিলেন নীরজ। তাঁর ছোড়া সেই ৮৬.৪৮ মিটারের গেমস রেকর্ড আজও অক্ষত। যে মঞ্চে নিজের প্রতিভার প্রথম স্বাক্ষর রেখেছিলেন, সেখানে ভারতীয় দলের এবারের পারফরম্যান্সে মুগ্ধ নীরজ। উত্তরসূরিদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তিনি। ২৮ বছরের তারকা আহ্বান জানিয়েছেন, সাফল্যের ধারা বজায় রাখার জন্য। ওলিম্পিকসে জোড়া পদকজয়ী নীরজ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘অনূর্ধ্ব-২০ ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী পুরো ভারতীয় দলকে অভিনন্দন। তারা দেশের জন্য সেরাটা দিয়েছে। পদক জয়ের পাশাপাশি আন্তর্জাতিক অ্যাথলিটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতাও অর্জন করেছে ওরা। আগামী দিনেও এই সাফল্যের ধারা বজায় রাখতে হবে।’
উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে রুপো জয়ের পর ফের বড় মঞ্চে নামতে চলেছেন নীরজ। আগামী ২১ আগস্ট সুইৎজারল্যান্ডে লুসান ডায়মন্ড লিগে অংশ নেবেন তিনি। বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের বিরুদ্ধে এই প্রতিযোগিতা নীরজের জন্য বড়ো পরীক্ষা হতে চলেছে। আসরে থাকবেন প্যারিস ওলিম্পিকসের চ্যাম্পিয়ন আরশাদ নাদিম, সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী রুমেশ পাথিরাগে, গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেখ, জার্মানির জুলিয়ান ওয়েবারের মতো তারকা। তাই ভারতীয় তারকার সামনে নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। আর তাতে সফল হলে এশিয়ান গেমসের আগে নীরজের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়বে, তা নিয়ে সংশয় নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ