Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান গেমস ২০২৬: ক্রিকেটে সেরার লড়াইয়ে আজ ভারত-পাক মহারণ

শনিবার জাপানে সোনা নির্ণায়ক ম্যাচে ভারত-পাক মহারণ ঘিরে উন্মাদনা স্বাভাবিকভাবেই তুঙ্গে।

এশিয়ান গেমস ২০২৬: ক্রিকেটে সেরার লড়াইয়ে আজ ভারত-পাক মহারণ
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। রাজনীতি, মর্যাদা সবকিছুই অঙ্গাঙ্গীভাবে জড়িত। আর ম্যাচ যদি এশিয়ান গেমসের ফাইনালে হয়, তাহলে তো কথাই নেই। শনিবার জাপানে সোনা নির্ণায়ক ম্যাচে ভারত-পাক মহারণ ঘিরে উন্মাদনা স্বাভাবিকভাবেই তুঙ্গে।

Advertisement

পরিসংখ্যান বলছে, টি-২০’তে মোট দেখায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ১৪-৩ ব্যবধানে এগিয়ে ভারত। তারমধ্যে শেষ ৬টি সাক্ষাতেই পাক বধ করেছে ‘মেন ইন ব্লু’। শুধু পরিসংখ্যানেই নয়, ধারে-ভারেও এগিয়ে টিম ইন্ডিয়া। এশিয়ান গেমসে পূর্ণশক্তির দল পাঠিয়েছে ভারত। নিয়মিত ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, যশপ্রীত বুমরাহ, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা— সবাই আছেন দলে। পাকিস্তান স্কোয়াডে তারকা বলতে একমাত্র শাহিবজাদা ফারহান। বুমরাহকে ছক্কা হাঁকানোর পর যাঁকে নিয়ে পাকিস্তানে তথ্যচিত্র বানানো হয়েছিল। এছাড়া সাইম আয়ুব, হাসান নাওয়াজ, আরাফত মিনহাসরা রয়েছেন। তাই প্রত্যাশার চাপ ভারতের উপরই বেশি। 
নিশিনের করোগি স্পোর্টস পার্কের পিচের অবস্থা তেমন ভালো নয়। ফাটল, অসমান বাউন্সের জন্য স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকছে। গত ম্যাচে সেজন্যই পেসার হিসাবে একমাত্র যশপ্রীত বুমরাহকে রেখে দল সাজিয়েছিল ভারত। আর অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দরদের ঘূর্ণিজালে মাত্র ৪৫ রানেই অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। শনিবার ফাইনালের ভাগ্যও স্পিনারদের উপরই নির্ভর করছে। 
ব্যাটিংয়ে অবশ্যই ভারত এগিয়ে। ওপেনিংয়ে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা বিধ্বংসী মেজাজে ধরা দিলে পাকিস্তানের কপালে দুঃখ নিশ্চিত। তবে বিপক্ষের সবচেয়ে বড় চিন্তা অবশ্যই ঈশান কিষান। সম্প্রতি স্বপ্নের ছন্দে রয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। সেমি-ফাইনালে কঠিন পিচেও অপরাজিত ৮০ রানের ইনিংস উপহার দেন তিনি। সঞ্জু স্যামসন ও অধিনায়ক শ্রেয়স আয়ারের অভিজ্ঞতাও বড়ো ভরসা। স্পিনের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন শিবম দুবেও। পক্ষান্তরে, পাকিস্তানের ব্যাটিং অনেকটাই নির্ভর করছে শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুবের উপর। সবমিলিয়ে সেয়ানে-সেয়ানে টক্কর হবে বাইশ গজে। এছাড়া নজর থাকবে দু’দলের ক্রিকেটাররা হাত মেলান কিনা সেদিকেও। তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। গুরুত্বপূর্ণ হল, সোনা জিতলে তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে নিতে হবে না ভারতকে। কারণ, তিনি উপস্থিত থাকছেনই না ফাইনালে! 
 খেলা শুরু সকাল ১০-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ