


নয়াদিল্লি: সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ইনিংসে পার্থক্য গড়ে দিয়েছেন অভিষেক শর্মা। ৩৯ বলে তাঁর ম্যাচ জেতানো ৭৪ রানের পর নেটদুনিয়ায় ভাইরাল পুরনো এক ভিডিও। সেখানে যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর প্র্যাকটিস ধরা পড়েছে। উল্লেখ্য, লকডাউনের সময় চন্ডীগড়ে যুবির বাড়িতেই শুভমান গিলের সঙ্গে থাকতেন অভিষেক। ছাত্রদের সাফল্যের নেপথ্যে বড় অবদান রয়েছে গুরুর। সেই ভিডিওতে শোনাও গিয়েছে অভিষেককে যুবি বলছেন, ‘তুই আর কিছুতেই শুনিস না। শুধু ছক্কাই মেরে চলেছিস। জমিতে বল রেখে শট খেলার চেষ্টাও কর।’
২৩ বছর বয়সি বাঁ-হাতি ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট মহল। রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘এটা সবে শুরু। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলবে ও।’ ছাত্রের ব্যাটে যুবরাজের ঐতিহ্য বজায় থাকার ব্যাপারেও আত্মবিশ্বাসী অ্যাশ। তাঁর কথায়, ‘লিখে নিন, যুবির মতোই ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে দাপট দেখানোর ক্ষমতা অভিষেকের রয়েছে। যুবি হল সীমিত ওভারের ফরম্যাটে ভারতের সেরা ব্যাটসম্যান। সেই পর্যায়ে পৌঁছতেই পারে অভিষেক। ও অবিশ্বাস্য প্রতিভার অধিকারী। আমার মনে হয়, যুবির ঐতিহ্য ঠিকঠাক ভাবেই বহন করবে ও।’
অভিষেকের একটা শট আবার মনে করিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। অষ্টম ওভারে সাইম আয়ুবকে হেলিকপ্টার শট মারেন তিনি। অশ্বিনের কথায়, ‘ধোনির হেলিকপ্টার শটের মতো ইনসাইড-আউট করে কভার ড্রাইভ মেরেছিল অভিষেক। সবাই ওর পাঁচটা ছক্কা নিয়েও আলোচনা করছে। কিন্তু ওই শটটা মুগ্ধ করেছে আমাকে।’
ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন কেভিন পিটারসেনও উচ্ছ্বসিত। তাঁর মতে, ‘অভিষেক নেক্সট লেভেলের ক্রিকেটার। কোনও কোনও দিন বাজে আউটও হতে পারে। তবে কেরিয়ার জুড়ে লক্ষ লক্ষ মানুষের মুখে ও হাসি ফটোবে। বিশ্বজুড়েই বোলারদের ও পেটাবে। ওর চোখটাই অন্যরকম। এভাবেই খেলতে থাকুক।’