


সংবাদদাতা, রামপুরহাট: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রামপুরহাট কেন্দ্রে টানটান দ্বৈরথ। একদিকে যখন বিজেপির হেভিওয়েট নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামপুরহাটে নির্বাচনি সভা করছেন, তখনই তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় পালটা চালে বাইক র্যালি করে একের পর এক গ্রাম চষে ফেলছেন।
বৃহস্পতিবার রামপুরহাটের তারাপীঠ রোড স্টেশনের কাছে দলীয় প্রার্থী ধ্রুব সাহার সমর্থনে যোগী আদিত্যনাথ সভা করেন। তৃণমূল সরকারের কড়া সমালোচনার পাশাপাশি সভা থেকে তিনি উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা ও ‘বুলডোজার মডেলে’র প্রসঙ্গ টেনে বাংলায় পরিবর্তনের ডাক দেন। যদিও সভায় ভিড় জমাতে রামপুরহাট ছাড়াও হাসন, ময়ূরেশ্বর, নলহাটি, সাঁইথিয়া এমনকী সিউড়ি থেকেও প্রচুর কর্মী, সমর্থকদের হাজির করানো হয়েছিল।
এদিকে, বিজেপির জনসভার প্রভাব কাটাতে ও দলীয় কর্মীদের চাঙ্গা করতে পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় কয়েক’শো কর্মী, সমর্থক নিয়ে তার আশপাশের এলাকায় বাইক মিছিল করে প্রচারে ঝড় তুললেন। এদিন বনহাট অঞ্চলের শিবপুর, জেঁদুর, কামারহাটি, কাঁদুরি, খড়বোনা, বেনরা, চিতুরি, বড়জোল ও বেলডাঙার মতো মূলত হিন্দু প্রধান গ্রামগুলিতে এদিন ঝোড়ো সফর করেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই যে তাঁর লক্ষ্য তা তুলে ধরেন। এদিন বয়োজ্যেষ্ঠদের অনেকেই আবেগপ্লুত হয়ে আশিসবাবুর মাথায় হাত দিয়ে তাঁকে আশীর্বাদ করেন। আশিসবাবু বলেন, এদিন যে গ্রামেই প্রচারে গিয়েছি, সেখানেই পুরুষ ও মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এসে অভ্যর্থনা জানিয়েছেন। মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। বনহাট অঞ্চলের তৃণমূল নেতা জহরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ কোনো ‘পরিযায়ী’ নেতা, মন্ত্রী চান না। বরং তাঁরা চান এমন এক জনপ্রতিনিধিকে, যাঁকে সারাবছর নিজেদের সুখে-দুঃখে পাশে পাওয়া যায়। এলাকার মানুষের কাছে এই ভরসার জায়গা তৈরি করেছে একমাত্র তৃণমূল। যদিও বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল বলেন, যোগী আদিত্যনাথের সভায় যাতে মানুষ না যান সেজন্য বাড়ি, বাড়ি গিয়ে হুমকি দিয়েছে তৃণমূল। যদিও সেসব হুমকি উপেক্ষা করে মানুষ যোগীর সভায় ভিড় জমিয়েছেন। এবার পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। বিজেপির এই অভিযোগকে হেলায় উড়িয়েছে জোড়াফুল শিবির। দলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, বিজেপির তো সবই বাইরের লোক। যোগী আদিত্যনাথ এখানে এসে কী বললেন সেটা স্থানীয় মানুষের কাছে ফ্যাক্টর নয়। আশিস বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রার্থী, যিনি এই ধরণের রাজনীতিতে বিশ্বাস করেন না। তৃণমূলও করে না।