নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফও অছি পরিষদের বৈঠকের দিন পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। দু’দিনের পরিবর্তে একদিনই হবে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক। শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবার দিল্লিতে তা হবে। এর আগে স্থির হয়েছিল, আজ, শনিবার এবং কাল, রবিবার বেঙ্গালুরুতে এই বৈঠক হবে। সরকারি সূত্রের খবর, সোমবারের বৈঠকেই মাসে ইপিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধির ব্যাপারে অনুমোদন দিতে চলেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা পদাধিকার বলে ইপিএফও অছি পরিষদের চেয়ারম্যান মনসুখ মাণ্ডব্য।
বর্তমানে একজন ইপিএফ পেনশন গ্রাহক মাসে ন্যূনতম এক হাজার টাকা পান। এই পরিমাণ বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই সরব সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। এমনকি বিভিন্ন সময় শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এই ব্যাপারে সুপারিশও করেছে মোদি সরকারকে। কিন্তু কর্ণপাত করা হয়নি। অবশেষে প্রায় ১১ বছর বাদে মাসে কর্মী পিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়াতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, এর ন্যূনতম পরিমাণ মাসে এক হাজার থেকে বৃদ্ধি পেয়ে আড়াই হাজার টাকা হতে পারে। ইপিএফও অছি পরিষদের সদস্য সর্বভারতীয় শ্রমিক নেতা শিবপ্রসাদ তিওয়ারি বলেন, ‘পেনশনের পরিমাণ বৃদ্ধির অনুমোদন দিলেও নিয়মমতো তা পাঠাতে হবে অর্থমন্ত্রকের কাছে। অর্থমন্ত্রক চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই তা কার্যকর হবে। আশা করি, এই বৈঠকে ভালো কিছুই ঘটতে চলেছে।’ ইপিএফ পেনশন গ্রাহকদের একটি বড় অংশ অবশ্য জানিয়েছেন, মোদি সরকার না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই।