ধুঁকছে আশাপূর্ণাদেবী স্টেশনের পরিকাঠামো, মানোন্নয়নের দাবি
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘা-তমলুক রেলপথে রামনগরের জীনন্দপুরে আশাপূর্ণাদেবী স্টেশনে নানা পরিকাঠামোগত সমস্যা রয়েছে। স্টেশনে বসার আসন, আলো, রাস্তা সংক্রান্ত নানা সমস্যা বিদ্যমান। তবে, আগামীদিনে প্রখ্যাত লেখিকার নামাঙ্কিত এই স্টেশনটি ব্লক স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রেলদপ্তর। ব্লক স্টেশন হলে সিগন্যালিং ব্যবস্থা উন্নত হবে এবং ট্রেনের ক্রশিং পরিচালনা আরও সহজ হবে।  ব্লক স্টেশনের তকমা পেলে স্টেশনের সামগ্রিক মানোন্নয়ন হতে পারে বলে মনে করছেন যাত্রীরা। 

Advertisement

দু’দশক আগে এই স্টেশনটি চালু হয়। লেখিকা আশাপূর্ণাদেবীর প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে এই স্টেশনের নামকরণ করা হয়েছিল। কাঁথির সুজালপুর ও রামনগরের বাদলপুর রেলস্টেশনের মাঝে রয়েছে আশাপূর্ণাদেবী স্টেশন। এই স্টেশন থেকে ট্রেনে চেপে রামনগর-২ ব্লকের সটিলাপুর, মৈতনা, কাদুয়া পঞ্চায়েত এলাকার মানুষজন সহ বাদলপুর পঞ্চায়েতের একাংশের মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। স্টেশনে নেমে চাউলখোলা হয়ে মন্দারমণি পর্যটন কেন্দ্রে যেতে পারেন পর্যটকরা। স্টেশনে বসার আসন বলতে একটাই কংক্রিটের চেয়ার। যাত্রীরা দাঁড়িয়ে এবং টিকিট কাউন্টারের ঘরে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন। বাকি যে শেডগুলি রয়েছে, সেখানেও কোনো আসন নেই। এতে অসুবিধায় পড়েন যাত্রীরা। কেউ দাঁড়িয়ে, কেউ সেখানে খবরের কাগজ পেতে বসেন। স্টেশনে কয়েকটি পথবাতি রয়েছে বটে। তা পর্যাপ্ত নয়। রাতের বেলায় পুরো স্টেশন আলোকিত হয় না। স্টেশনে একটি নলকূপ রয়েছে। মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়। যাত্রীরা নিজেদের কাছে থাকা জলের বোতলে তৃষ্ণা মেটান। শৌচালয় না থাকায় বিশেষ করে মহিলা যাত্রীরা খুবই সমস্যায় পড়েন। এখনো মোরামের রয়ে গিয়েছে। তাই স্টেশনের সামগ্রিক মানোন্নয়নের দাবি জানিয়েছেন যাত্রীরা। রামনগরের সটিলাপুরের বাসিন্দা শিক্ষক নন্দগোপাল পাত্র বলেন, একজন বিশিষ্ট লেখিকার নামে স্টেশন। এখানে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে হবে। আমরা চাই, অন্যান্য স্টেশনগুলির সঙ্গে এই স্টেশনেরও মানোন্নয়ন করা হোক। আগামী দিনে আশাপূর্ণাদেবীর স্মৃতিতে স্টেশন চত্বরে তাঁর একটি মূর্তি বসানো হোক, এটাও আমাদের দাবি রয়েছে। এতে লেখিকার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।  রামনগরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, দীঘা-তমলুক রেলপথে দীঘা, তমলুক সহ বিভিন্ন স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেলদপ্তর। এখানেও কাজ হবে। মূর্তি বসানোর বিষয়টি খতিয়ে দেখা হবে।