দুর্যোগ কাটতেই মিটল জগদ্ধাত্রী-শোভাযাত্রা, ব্যান্ডের সুরে মাতোয়ারা চন্দননগর
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চন্দননগর: বিসর্জনের পর্ব মিটে যাওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার, দশমীতেই। কিন্তু তুমুল বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তা স্থগিত রাখা হয়েছিল। দিন চারেক টানা দুর্যোগের পর রবিবার সকালে রোদের দেখা মেলে। ফলে যাবতীয় আয়োজন ও আড়ম্বরের সঙ্গেই সম্পন্ন হল প্রতিমা নিরঞ্জন ও চন্দননগরের ঐত্যিহ্যবাহী বিসর্জন শোভাযাত্রা। ট্রেন থামিয়ে লরিতে ওঠানো হল প্রায় ৩০ ফুট উচ্চতার প্রতিমা। প্রতি বছরের মতো এবারও চন্দননগর সুভাষপল্লি উত্তরপাড়ার জগদ্ধাত্রী প্রতিমাকে রেললাইন পার করানো হল কাঁধে চাপিয়ে। যথারীতি ভিড় জমেছিল বিসর্জন শোভাযাত্রা ঘিরে। চন্দননগরের সমস্ত ক্লাব অবশ্য এই শোভাযাত্রায় অংশ নেয় না। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি শোভাযাত্রা আয়োজন করে। শোভাযাত্রায় যেসব পুজো কমিটি অংশগ্রহণ করেনি, 

Advertisement

তারা শুক্র, শনি ও রবিবার সকালের মধ্যেই প্রতিমা বিসর্জন পর্ব সেরে ফেলেছিল। 
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম তেমাথা শিবমন্দিরের ‘রানিমা’। মায়ের ভুবনভোলানো রূপ শুধু নয়, এখানকার চোখ ধাঁধানো ডাকের সাজ দেখতেও দর্শনার্থীরা ছুটে আসেন দূর-দূরান্ত থেকে। চন্দননগরের ঘরের মেয়ে দেবী জগদ্ধাত্রী। বিদায়বেলায় মায়ের দুহাতে দেওয়া হয় চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ। সেই রীতি ছিল অমলিন। সুভাষপল্লি উত্তরপাড়ার প্রতিমাকে রেললাইন পার করাতে হয় বিসর্জনের জন্য। তার জন্য এদিন সকাল ১১টার পর চন্দননগর দিয়ে প্রায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে পূর্বপাড়ে দাঁড় করিয়ে রাখা লরিতে তোলেন। দুর্ঘটনা এড়াতে ওই সময় রেললাইনের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন রাখা হয়। চন্দননগর স্টেশনের পশ্চিম দিকেও বেশ কয়েকটি পুজো হয়। কিন্তু গঙ্গা স্টেশনের পূর্বদিকে। তাই পশ্চিম দিকের প্রতিমাগুলি বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয় উদ্যোক্তাদের। প্রতিমার উচ্চতা অনেক হওয়ায় সাবওয়ে দিয়ে নিয়ে যাওয়া যায় না। ফলে প্রতিমা কাঁধে চাপিয়ে রেললাইন পার করানো ছাড়া কোনো উপায় থাকে না। 
ক’দিন পিছিয়ে গেলেও বিসর্জন শোভাযাত্রার আবেগ যে একটুও ক্ষুণ্ণ হয়নি, তার প্রমাণ মিলেছে এদিন। বিকাল থেকে মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে ব্যান্ডের সুর। জগৎবিখ্যাত আলোকসজ্জা যথারীতি মুগ্ধ করেছে দর্শনার্থীদের। এই শোভাযাত্রা চাক্ষুষ করার জন্য শহরে বাড়ির ছাদ ,বারান্দা রীতিমতো ভাড়া পাওয়া যায়। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। চন্দননগর দৈবকপাড়া এবার মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে এনেছিল নামী ব্যান্ড। উত্তরাঞ্চল পুজো কমিটিও ভিন রাজ্য থেকে ব্যান্ড নিয়ে এসেছিল। এছাড়া প্রায় প্রতিটি ক্লাব ব্যান্ডের ব্যবস্থা করেছিল। সন্ধ্যা নামতেই অজস্র বাদ্যযন্ত্রের ঝঙ্কারে, অসংখ্য মশালের আলোয় শোভাযাত্রার সূচনা হয়। বিভিন্ন পুজো কমিটি তাদের থিম অনুযায়ী আলোকসজ্জা নিয়ে শোভাযাত্রায় শামিল হয়। পুলিশ জানিয়েছে, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির মধ্যে রয়েছে ১৮০টি কমিটি। এর মধ্যে ৬৮টি পুজো কমিটি মোট ২৪৫টি লরি সাজিয়ে এবছরের শোভাযাত্রায় অংশ নিয়েছে।