দাম বাড়তেই পুরানো সোনা ভাঙিয়ে নতুন গয়না, এক্সচেঞ্জের ঝোঁক বৃদ্ধি কলকাতায়
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েক বছরে সোনার দাম বেড়েছে লাফিয়ে। কলকাতায় তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরানো সোনা ভাঙিয়ে নতুন গয়না নেওয়ার প্রবণতা। পুরানো, সাবেকি ডিজাইনের গয়না আর লকারে ফেলে রাখতে চাইছেন না অনেকেই। বরং সেই সোনা ভাঙিয়ে এখনকার ডিজাইনের হালকা, মনের মতো গয়না বানিয়ে নিচ্ছেন তাঁরা। জাস্ট ডায়ালের সদ্য প্রকাশিত রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তুলনায় ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ে কলকাতায় ‘গোল্ড বায়ার’ খোঁজার হার বেড়েছে ৩১ শতাংশ। অর্থাৎ কোন স্বর্ণকারের কাছে বা শোরুমে গেলে তারা পুরানো সোনা ভাঙিয়ে বা কিনে নিয়ে নতুন গয়না দেবে, সেই খোঁজ করেছেন মানুষ। সারা দেশে এই বৃদ্ধি ৩৪ শতাংশ। দিল্লি ও হায়দরাবাদে বৃদ্ধি ৩৪ শতাংশ করে। কলকাতা তার ঠিক পরেই। অর্থাৎ চড়া দামের বাজারেও কলকাতার মানুষ সোনা থেকে মুখ ফেরাননি, বরং পুরানো সোনাকেই নতুন করে কাজে লাগাচ্ছেন।
ব্যবসায়ীদের একাংশ বলছেন, দাম বাড়ায় নতুন করে পুরো টাকা দিয়ে গয়না কেনা অনেকের পক্ষেই কঠিন হয়ে যাচ্ছে। তাই পুরানো গয়না এক্সচেঞ্জ করাই এখন সবচেয়ে সহজ রাস্তা। পুরানো সোনার দাম বর্তমান বাজারদর অনুযায়ী ধরা হচ্ছে। ফলে ক্রেতাকে অনেক কম টাকা দিতে হচ্ছে। অনেক সময় তো পুরানো গয়নার বদলে সমমূল্যের নতুন গয়না নিয়েই ফিরছেন ক্রেতারা। এই চাহিদাকে ধরতে স্বর্ণ ব্যবসায়ীরাও নানা অফার দিচ্ছেন। কোথাও পুরানো সোনা ভাঙালে মজুরিতে ছাড় দেওয়া হচ্ছে। কোথাও মেকিং চার্জে বিশেষ ছাড়, কোথাও আবার এক্সচেঞ্জে অতিরিক্ত বোনাস দেওয়া হচ্ছে।  উৎসবের মরশুমে এই অফার আরও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুধু এক্সচেঞ্জ নয়, সোনা বিক্রির আগে তার বিশুদ্ধতা যাচাই করে নেওয়ার প্রবণতাও বেড়েছে। সারা দেশে গোল্ড টেস্টিং সেন্টার খোঁজার হার বেড়েছে ৩৬ শতাংশ। দিল্লিতে এই বৃদ্ধি ৫৮ শতাংশ, হায়দরাবাদে ৪৯ শতাংশ, মুম্বইয়ে ৩৭ শতাংশ। কলকাতার ক্রেতারাও এখন দোকানে গিয়ে সোনার ক্যারেট, ওজন, বিশুদ্ধতা যাচাই করে নিয়ে তবেই লেনদেন করছেন। ব্যবসায়ীদের মতে, এখন সোনা কেনা মানেই শুধু বিনিয়োগ নয়, স্টাইলও। ভারী, সাবেকি গয়নার বদলে মানুষ এখন হালকা, রোজ পরার মতো আধুনিক ডিজাইন পছন্দ করছেন। তাই পুরানো গয়না ভাঙিয়ে নতুন গয়না গড়ানোর এই প্রবণতা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছেন তাঁরা।