সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট-১ ব্লকের আয়াস অঞ্চল সভাপতি আজিজুল শেখের বিরুদ্ধে ‘টাকা চাওয়ার’ অভিযোগ ওঠায় ছয় সদস্যর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। এরপরই এই অঞ্চলের সভাপতি পরিবর্তন নিয়ে দিন কয়েক ধরে তৃণমূলের অন্দরে জল্পনা চলছিল। এরই মধ্যে এদিন রামপুরহাটের দলীয় কার্যালয়ে আয়াস অঞ্চল নিয়ে বৈঠকে বসেন দলের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, দলের গড়ে দেওয়া কমিটিই অঞ্চলের সংগঠনের দায়িত্ব সামলাবে। সেখানে কমিটির আহ্বায়ক করা হয়েছে আজিজুলকে।
Advertisement
অভিযোগ, ‘টাকা না দিলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে’ এমনই হুমকি দিচ্ছিলেন আজিজুল শেখ ও এলাকার এক তৃণমূল কর্মী। গত ২ অক্টোরর তাঁদের নামে থানায় এই অভিযোগ জানিয়েছিলেন পঞ্চায়েতের ঠিকাদাররা। একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। যা নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। অভিযোগের সত্যতা যাচাই করতে পাঁচ সদস্যর কমিটি করা গড়ে দেন আশিসবাবু। সেই সঙ্গে ওই অঞ্চলে দল পরিচালনার জন্য ছয় সদস্যর কমিটি গড়ে দেন। এরপরই ওই অঞ্চলের সভাপতি পরিবর্তন নিয়ে দলের অন্দরে জল্পনার সৃষ্টি হয়। এদিন আয়াস অঞ্চল নিয়ে বৈঠকে বসেন আশিসবাবু। তৃণমূল সূত্রের দাবি, তদন্তে অভিযোগের অনেকটাই আজিজুলের বিরুদ্ধে গিয়েছে। যদিও দল তাঁকে আর একবার সুযোগ দিয়েছে। আশিসবাবু বলেন, আজিজুলকে সতর্ক করে আপাতত কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হল। ওই অঞ্চলে দল পরিচালনার ক্ষেত্রে কমিটির সকল সদস্য বসে সিদ্ধান্ত নেবেন।



