চন্দননগরের জগদ্ধাত্রী ঘিরে নজরকাড়া শোলার কাজ মঙ্গলকোটের শিল্পীদের
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া : প্রতিমার শুধু শোলার সাজ নয়, চিরাচরিত প্রথা ভেঙে নতুন আভিজাত্যের নির্দশন তুলে ধরছেন শোলা শিল্পীরা৷ প্রতিমার গায়ে শোলার সাজেই ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের দ্রৌপদির বস্ত্রহরণ থেকে দশ মহাবিদ্যার কাহিনী। এভাবেই চন্দননগরের জগদ্ধাত্রীর হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলার শোলাশিল্প। বাংলার ঐতিহ্যবাহী শোলার এই সাজের হাত ধরেই বদলে যাচ্ছে অর্থনীতি। বদলে গিয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম। 

Advertisement

নানা কারণে যাঁরা শোলাশিল্প ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছিলেন, কার্যত তাঁদের মুখে ঝামা ঘষেই সুনাম কুড়িয়েছে বনকাপাশির শোলাশিল্প। জগদ্ধাত্রী প্রতিমা সাজাতে মঙ্গলকোটের বনকাপাশির দু’শো শোলাশিল্পী পাড়ি দিয়েছেন চন্দননগরে। লক্ষ লক্ষ টাকা বরাত পেয়েছেন এই শিল্পীরা৷ শুধু জগদ্ধাত্রী সাজিয়েই গ্রামীণ এই  শিল্পীদের আয় হচ্ছে প্রায় কোটি টাকার কাছাকাছি। এমন সাফল্যে অগ্রণী ভূমিকা নিয়েছেন শিল্পীদের বাড়ির  মহিলারাও। মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম শোলাশিল্পের জন্য বিখ্যাত। প্রতিবছর গ্রামের শোলা শিল্পীরা দেশের বিভিন্ন প্রান্তে বড়ো বড়ো সব প্রতিমা বা মণ্ডপ সাজাতে যান। শোলার বিভিন্ন ধরনের চাঁদমালা, শোলার উপর চুমকি বা জড়ি বসিয়ে প্রতিমার সাজ নিয়ে তাঁরা পাড়ি দেন ভিন রাজ্যে। আবার এসব শিল্পীর হাতে তৈরি শোলার নানা শো-পিস বিদেশেও পাড়ি দেয়।  এবার মঙ্গলকোটের বনকাপাশি গ্রামের ১৫টি সাজঘর থেকে প্রায় দু’শোর বেশি শিল্পী চন্দননগরে গিয়েছেন৷ প্রতিমার গয়না, কাপড়ের আঁচল থেকে সবই শোলা দিয়ে সাজানো হচ্ছে। তবে এবার ভোলবদল। শোলার সাজের মধ্যে দিয়েই পৌরাণিক নানা কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে। মঙ্গলকোটের বনকাপাশির শোলা শিল্পীরা কয়েক দশক ধরে শোলার কাজই করে আসছেন।  এক - একটি সাজঘর আড়াই লক্ষ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত বরাত পেয়েছে৷ চন্দননগরে ১২০টি প্রতিমা সাজাচ্ছেন বনকাপাশির শোলাশিল্পীরা৷ সবার মিলিত আয় প্রায় কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ বনকাপাশি গ্রামে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষে ঢুকবে প্রায় ১ কোটি টাকা৷ গ্রামের শিল্পীদের পরিবারগুলির মুখে ফুটছে হাসি। এই বনকাপাশি গ্রামে প্রায় আড়াই হাজার পরিবারের বাস। বর্তমানে গ্রামের প্রায় ৪০০টি পরিবার শোলাশিল্পের সঙ্গে যুক্ত। গ্রামের পুরুষ, মহিলারা উভয়েই একসঙ্গে শোলার নানা সাজ, মডেল তৈরি করেন৷ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে গ্রামের সব শোলাশিল্পীরই আয় হবে।  বদলে যাবে গ্রামীণ অর্থনীতি৷  
 বনকাপাশি গ্রামে শোলার সাজে ব্যস্ত শিল্পী।