লন্ডন: প্রিমিয়ার লিগে নতুন মরশুমের শুরুটা দুরন্ত করেছে আর্সেনাল। প্রথম ম্যাচে ম্যান ইউকে হারানোর পর শনিবার লিডস ইউনাইটেডকে পাঁচ গোলের মালা পরায় মিকেল আর্তেতা ব্রিগেড। সেই সুবাদে দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে শীর্ষে গানাররা। তবে দলের এই জয়ের দিনেও ফুটবলারের চোট-আঘাত চিন্তা বাড়াল কোচ আর্তেতার। লিডসের বিরুদ্ধে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্টিন ওডেগার্ড। এরপর দ্বিতীয়ার্ধে বুকায়ো সাকার হ্যামস্ট্রিংয়ে টান ধরে। ফলে তাঁকেও সঙ্গে সঙ্গে তুলে নেন আর্সেনাল কোচ। এক ম্যাচে জোড়া চোট রীতিমতো চিন্তায় ফেলেছে গানার শিবিরকে। গত মরশুমে চোটের কারণে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হয়েছিল সাকাকে। ফলে খেতাবি দৌড়ে ধাক্কা খায় লন্ডনের ক্লাবটি। লিগের পরবর্তী ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতা জানান, ‘সামনে কঠিন লড়াই। তার আগে চোট আঘাত অবশ্যই চিন্তার বিষয়। আশা করব, গতবারের মতো এবার ভুগতে হবে না। মেডিক্যাল টেস্টের পরই প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে।’



