ফ্লিটউড- ১ : আর্সেনাল- ১
(টাই-ব্রেকারে ৫-৩ জয়ী ফ্লিটউড)
লন্ডন: লিগ কাপে বড়ো অঘটন ঘটাল ফ্লিটউড। ইংলিশ ফুটবলের চতুর্থ সারির দলটির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। মঙ্গলবার চতুর্থ রাউন্ডের লড়াইয়ে বিপক্ষের ডেরায় শুরুতে পিছিয়ে পড়ে গানাররা। হোম টিমের হয়ে জাল কাঁপান অ্যারন লাওপালো-বি। সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিক্টর গায়কেরাসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর বাকি সময়ে একাধিক সুযোগ নষ্ট করে মিকেল আর্তেতা ব্রিগেড। পাশাপাশি প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে মারামারি করে লাল কার্ড দেখেন আর্সেনালের ম্যাক্স ডাওম্যান। শেষ কয়েক মিনিট আনুপাতিক সংখ্যা গরিষ্ঠতায় পিছিয়ে থেকেও দাপট দেখায় আর্সেনাল। তবে দুরন্ত কয়েকটি সেভ করে দলের নিশ্চিত পতন আটকান ফ্লিটউডের দুর্গপ্রহরী জয় লিঞ্চ। ফলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। শ্যুট-আউটে প্রতিটি শটেই জাল কাঁপান ফ্লিটউডের ফুটবলাররা। পক্ষান্তের, আর্সেনালের ব্রুনো গুইমেরাসের শট রুখে দলকে পরের রাউন্ডের টিকিট এনে দেন ফ্লিটউডের গোলরক্ষক লিঞ্চ। আর্সেনালকে হারিয়ে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে মাতে চতুর্থসারির দলটি। আর টুর্নামেন্ট থেকে বিদায়ে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে গানাররা।
এদিকে, স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে কোপা ডেল রে’র প্রথম রাউন্ডের সব ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দেশটির ফুটবল ফেডারেশন। চলতি সপ্তাহে মোট ২৪টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার মাদ্রিদের নিকটবর্তী অঞ্চলে ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬৪ জনের মৃত্যুর পরই ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



