নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে সোনা ও নগদ টাকা চুরির অভিযোগে কলকাতার ট্যাংরা এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাওড়ার বালি থানার পুলিশ। ধৃতের নাম করিম মোল্লা। তার কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২৬ জুলাই সন্ধ্যায় বালির শান্তিরাম রোডের বাসিন্দা শৈবাল গুপ্ত পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন, ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড। পরিবারের দাবি, আলমারি সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ৬-৭ ভরি সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে বালি থানায় অভিযোগ দায়ের করেন শৈবালবাবু। তদন্তে নেমে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নজরে আসে। চুরির ধরন ও পাওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের থানা এলাকাতেও খোঁজখবর শুরু করে পুলিশ। পাশাপাশি একাধিক জায়গায় অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত কলকাতার ট্যাংরা থানা এলাকার বাসিন্দা করিম মোল্লার সন্ধান পান তদন্তকারীরা। গত সপ্তাহে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



