সংবাদদাতা, বনগাঁ: বাড়িতে একাধিক নকল আধার কার্ড ও পঞ্চায়েত সার্টিফিকেট মজুতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম কামালউদ্দিন মণ্ডল (৪০)। তিনি বাগদা থানার আমডোবের বাসিন্দা। শুক্রবার সকালে বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, অভিযুক্ত যুবক নিজের বাড়িতে আধার কার্ড ও পঞ্চায়েত সার্টিফিকেট তৈরি, ছাপানো ও বিভিন্ন ব্যক্তিকে সেগুলি অর্থের বিনিময়ে সরবরাহ করছেন। সেইমত বাগদা থানার পুলিশ কামালউদ্দিন মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা একাধিক আধার কার্ড এবং সিল ও স্বাক্ষরযুক্ত ফাঁকা পঞ্চায়েত সার্টিফিকেট উদ্ধার করে। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত কামালউদ্দিন দীর্ঘদিন ধরে অসামাজিক কাজে যুক্ত। বাগদা ব্লকের আশারু, বয়রা, রণঘাট, বনগাঁ ব্লকের ঘাটবাওর সহ একাধিক পঞ্চায়েতের বিভিন্ন শংসাপত্র নিজের কাছে রেখেছিলেন। এমনকি একাধিক নকল আধার কার্ড পাওয়া গিয়েছে তাঁর কাছে। কার্ডগুলি পরীক্ষা করে পুলিশ বিষয়টি আরও নিশ্চিত হতে চাইছে। সূত্রের দাবি, এগুলি ব্যবহার করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাগরিক হতে সাহায্য করতেন অভিযুক্ত। এবিষয়ে বয়রা পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডল বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক। পুলিশ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিক।



