নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পাথর মাফিয়া টুলু মণ্ডলকে আদালতে আত্মসমর্পণের জন্য এক মাসের চরম সময়সীমা বেঁধে দিয়েছে সিউড়ি আদালত। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাকে সশরীরে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় ‘ঘোষিত পলাতক অপরাধী’ হিসেবে চিহ্নিত করে বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। আদালতের সেই নির্দেশ মেনে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বৃহস্পতিবার সিউড়িতে টুলু মণ্ডলের ‘দলিলা ভবন’-এ হুলিয়া সাঁটিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার গ্রামের বাড়ি মহম্মদবাজারের সোঁতশাল এলাকায় বুধবার সন্ধ্যায় মাইকিং করাও হয়েছে।
বীরভূমের পাথর শিল্পাঞ্চলে বেআইনি কারবার ও বিপুল রাজস্ব ফাঁকির অন্যতম মূল অভিযুক্ত নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল দীর্ঘদিন ধরেই পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলুর বিরুদ্ধে সংগঠিত অপরাধ, তথ্যপ্রমাণ লোপাট এবং অপরাধমূলক বিশ্বাসঘাতকতার মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জরি হয়েছে রেড কর্নার নোটিসও। যদিও টুলু বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর। সেই কারণেই সিউড়ি আদালতের এসিজেএম-এর নির্দেশে হুলিয়া জারি করা হল।
ওই নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে টুলু মণ্ডলকে উপযুক্ত জবাব দাখিল করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে ধরা না দিলে আইন অনুযায়ী তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করবে প্রশাসন।