সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনায় নাম তুলে দেওয়ার প্রলোভন দিয়ে মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ। ধৃতের নাম গুঞ্জন মণ্ডল। তার বাড়ি উলুবেড়িয়া থানার ধুলাসিমলা এলাকায়। যদিও বর্তমানে সে উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কেবিনের কাছে থাকে। বুধবার উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিস চত্বরে এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন দপ্তরের কর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্নপূর্ণা যোজনায় নিজেদের নাম তালিকায় আছে কি না, জানতে প্রায় প্রতিদিনই সকাল থেকে মহকুমা শাসকের কার্যালয়ে ভিড় জমান মহিলারা। তাঁদেরই টার্গেট করে গুঞ্জন।



