চলতি সপ্তাহের শুরুতে শাহরুখ খান ঘোষণা করেছিলেন, পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর ছেলে আরিয়ান খানের। প্রজেক্টের নাম ‘বাডস অব বলিউড’। ঘোষণার পর থেকেই এই প্রজেক্ট ঘিরে দর্শকদের উৎসাহ তুঙ্গে। পাশাপশি চর্চা চলছিল কাস্টিং নিয়েও। সূত্রের খবর, আরিয়ানের পরিচালনায় মুখ্য চরিত্রে কাজ করছেন ববি দেওল ও লক্ষ্য। তবে তাঁদের চরিত্রটি কেমন, বা গল্প কোন দিকে বাঁক নেবে, তা এখনই খোলসা করতে নারাজ নির্মাতারা। ববি ও লক্ষ্য ছাড়াও বলি পাড়ার কয়েকজন তারকাকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। শাহরুখ, আমির ও সলমন খানের পাশাপাশি রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া ভাটও নাকি ক্যামিও চরিত্রে থাকবেন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এসএস রাজামৌলি ও করণ জোহরকে। শোনা যাচ্ছে, জুন মাসের প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ানের প্রথম কাজ। পুরো আইপিএলের মরশুমজুড়ে এই কাজের প্রচার করা হবে বলে খবর।



