নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘গাওয়া পিওর ঘি।’ এই নামেই গোরুর দুধের ক্রিম থেকে দেশি ঘি তৈরি করে নজর কাড়লেন অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার উত্তমকুমার ঘোষ। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট বদরতলা। ২০০৬ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর খাঁটি ঘি তৈরির ব্যবসায় নামেন উত্তমবাবু। দিনে দিনে ব্যবসার পরিধি বেড়েছে। এখন বছরে প্রায় ৫০ টন ঘি উৎপাদন হয়। স্রেফ নিজের উপার্জনই নয়, কর্মসংস্থানও করেছে তাঁর সংস্থা। সেটি দেখেই তাঁকে বিশেষ সম্মান জানাল ভারতীয় সেনাবাহিনী। দিল্লির মানেক শ’ প্রেক্ষাগৃহে চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তাঁর হাতে তুলে দিলেন ‘চিফ অ্যাচিভার অ্যাওয়ার্ড।’



