Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগ উৎসব কমিটিতে স্থান না পাওয়ায় প্রশাসনের দ্বারস্থ বিজেপি কাউন্সিলার

আরামবাগ উৎসব কমিটিতে স্থান না পাওয়ায় প্রশাসনের দ্বারস্থ বিজেপি কাউন্সিলার
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আরামবাগ উৎসব। আরামবাগ পুরসভার পরিচালনায় এই উৎসব হয়। কিন্তু, উৎসবের কমিটিতে স্থান পাননি পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ। তাই ক্ষুব্ধ বিশ্বজিৎবাবু সোমবার প্রশাসনের দ্বারস্থ হন। তিনি বলেন, আরামবাগ পুরসভায় আমি একমাত্র বিরোধী কাউন্সিলার। অথচ আমাকে কোনও বোর্ড মিটিংয়ে ডাকা হয় না। আরামবাগ উৎসব থেকেও বঞ্চিত করে রাখা হয়েছে। কোনও কমিটিতে স্থান দেওয়া হয়নি। তার প্রতিবাদে আরামবাগের মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছি। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ওইদিন থেকেই প্রশাসনের অফিসের সামনে ধর্নায় বসব। তিনি আরও বলেন, পুরসভার সব কিছু জেনে যাব বলে আমাকে এভাবে সরিয়ে রাখা হচ্ছে। 
Advertisement
আরামবাগ পুরসভার চেয়ারম্যান তৃণমূলের সমীর ভাণ্ডারী বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলারকে যোগ্য সম্মানই দেওয়া হয়। তিনি অথথা নাটক করছেন। তারপরেও কেউ ধর্নায় বসতে চাইলে বসবেন। 
উল্লেখ্য, আরামবাগ হাইস্কুল মাঠে হয় পুরসভা পরিচালিত আরামবাগ উৎসব। এবারও তার আয়োজন চূড়ান্ত পর্যায়ে চলছে। এই উৎসবে প্রতিদিন হাজার বাসিন্দা আসেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয়, তেমনই বসে মেলা। বিজেপি কাউন্সিলারের অভিযোগ, ইতিমধ্যে আরামবাগ উৎসবের লিফলেট প্রকাশ করা হয়েছে। কিন্তু, তাতে তাঁর নাম নেই।
সম্পর্কিত সংবাদ