Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে টোটো চুরির চক্রের পর্দা ফাঁস, ধৃত ৫  

আরামবাগে টোটো চুরির চক্রের পর্দা ফাঁস, ধৃত ৫
 
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ শহরে টোটো চুরির পর্দা ফাঁস করল পুলিস। চুরি যাওয়া ছ’টি টোটো উদ্ধার করেছে পুলিস। সেগুলি হুগলি ও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয়। তারসঙ্গে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তারও করেছে আরামবাগ থানার পুলিস। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, গত কয়েকদিন আগে আরামবাগ থানা এলাকায় একটি টোটো চুরির অভিযোগ আসে। তারপর মৌখিকভাবেও অনেকে টোটো চুরির অভিযোগ জানান। সেই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন থানা এলাকার পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ছ’টি টোটো উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থানা এলাকা থেকে একের পর এক টোটো চুরির ঘটনা ঘটছিল। কারও বাড়ির সামনে থেকে, কখনও আবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটো মাস্টার কি দিয়ে খুলে দুষ্কৃতীরা নিয়ে পালিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, দুষ্কৃতীরা সাধারণত আরামবাগগামী শেষ ট্রেনে আসত। বিভিন্ন জায়গায় রেকি করে মাঝ রাতে টোটো চুরি করে পালাত। পুলিসের দাবি, টোটোগুলি চুরির পর দুষ্কৃতীরা তা চালিয়ে নিয়ে অন্যত্র চলে যেত। ঘটনার তদন্তে নেমে গত ২৪ জানুয়ারি আরামবাগ থানার পুলিস সন্দেহজনকভাবে ঘোরাঘুরিতে করতে দেখে জাঙ্গিপাড়া থানার শেখ জাহাঙ্গীর ও দাদপুরের স্বপন শিকদারকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস একটি টোটো উদ্ধার করে। টোটো চুরির কথা তারা স্বীকার করে। তাদের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিস জেরা করে জানতে পারে। তার ভিত্তিতে পুলিস আরও তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি আরামবাগ, খণ্ডঘোষ ও পাণ্ডুয়া থানা এলাকায়। 
পুলিস জানিয়েছে, অভিযুক্তদের দেখানো জায়গামতোই অভিযান চালানো হয়। তার জেরে আরামবাগ থানার পুলিসের টিম পূর্ব বর্ধমানের কালনা, হুগলির পাণ্ডুয়া, বলাগড় ও জাঙ্গিপাড়া থানা এলাকা থেকে ছ’টি টোটো উদ্ধার করে। পুলিসের এক আধিকারিক বলেন, দুষ্কৃতীরা আরামবাগ শহর থেকে টোটো চুরি করে তা বিক্রির মাধ্যমে মোটা টাকা মুনাফা পেত। আরামবাগ ছাড়াও অন্যান্য থানা এলাকার টোটো চুরিতে অভিযুক্তরা যুক্ত কি না, পুলিস তা খতিয়ে দেখছে। তবে এই চক্রের সঙ্গে জড়িত অধিকাংশকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ