নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শনিবার রাতে আরামবাগ মহকুমাজুড়ে নাকা চেকিং চালায় পুলিস। আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া থানায় বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং করা হয়। মদ্যপ অবস্থায় বাইক চালানো ও হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোট ১৪০জনকে জরিমানা করেছে পুলিস। এব্যাপারে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, মহকুমায় প্রত্যেক থানা এলাকায় নিয়মিত নাকা চেকিং চলে। ওইদিন রাতেও তা হয়েছে। পুলিস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ৭টা থেকে ১০টা পর্যন্ত নাকা চেকিং চালানো হয়। আরামবাগ থানার দৌলতপুর, মনসাতলা, কাবলে সহ বিভিন্ন এলাকার রাস্তায় পুলিস চেকিং করে। কয়েকজনকে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করে। এছাড়া ৭৬ জনের বিরুদ্ধে নির্দিষ্ট নিয়ম না মেনে বাইক চালানোর জন্য ফাইন করে। নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছে কি না পুলিস তাও খতিয়ে দেখে। রবিবার সকালে আরামবাগ থানার পুলিস দ্বারকেশ্বর নদে গিয়ে তা সরেজমিনে দেখে। পুলিসের এক আধিকারিক বলেন, বৈধ বালি ঘাট কোথাও নেই। অবৈধ উপায়ে কেউ বালি উত্তোলন করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। গোঘাট থানার পুলিসও ভিকদাস, গোবিন্দপুর এলাকায় নাকা চেকিং করে। পুলিস জানিয়েছে, মদ খেয়ে বাইক চালানোর অভিযোগে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একটি বাইক আটক করা হয়েছে। তারসঙ্গে ১০ জনের বিরুদ্ধে আইন না মেনে বাইক চালানোর জন্য জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পুরশুড়া থানার পুলিস মদ খেয়ে বাইক চালানোর অভিযোগে দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তাছাড়া ২৪ জনকে জরিমানা করে পুলিস। পুরশুড়ায় কোটালপাড়া ও কানাড়িয়া এলাকায় নাকা চেকিং হয়। অন্যদিকে, খানাকুল থানার পুলিসও তিলকচক, পিলাখাঁ প্রভৃতি এলাকায় নাকা চেকিং করে। খানাকুল থানার পুলিস জানিয়েছে, মদ খেয়ে বাইক চালানোর জন্য তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ৩০ জনের বিরুদ্ধে জরিমানা করেছে পুলিস।



