Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগ মেডিক্যালে শীঘ্রই চালু হচ্ছে সিটি স্ক্যান

আরামবাগ মেডিক্যালে শীঘ্রই চালু হচ্ছে সিটি স্ক্যান
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু হতে চলেছে। হাসপাতালের রোগীরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন। বাইরের রোগীরা এখানে ৩৪০ টাকা দিয়ে সিটি স্ক্যান করাতে পারবেন। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে এই পরিষেবা চালু করা হচ্ছে। মেডিক্যালের এমএসভিপি ইন্দ্রা দত্ত বলেন, সিটি স্ক্যান পরিষেবার জন্য চূড়ান্ত কমিশনিং হয়ে গিয়েছে। আশা করছি, আগামী সপ্তাহেই পরিষেবা চালু হয়ে যাবে।
Advertisement
বহুদিন ধরেই আরামবাগ মেডিক্যালে সিটি স্ক্যান পরিষেবা চালুর দাবি উঠছিল। কয়েকবছর আগে এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। সেজন্য হাসপাতাল চত্বরে পৃথক কক্ষ নির্মাণ শুরু হয়। কিন্তু মাঝপথেই সেই উদ্যোগ থমকে যায়। মেডিক্যাল কলেজের অনুমোদন মিললেও সিটি স্ক্যান পরিষেবা না থাকায় অনেক রোগীকে হয়রানির শিকার হতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই পরিষেবা চালুর জন্য বছরখানেক ধরে স্বাস্থ্যদপ্তরে দরবার করা হয়েছে। অবশেষে পরিষেবা চালু হতে চলেছে। হাসপাতালের নবনির্মিত ওপিডি বিল্ডিংয়ের ঘরে সিটি স্ক্যান হবে। তারজন্য সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। যন্ত্রপাতি আনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সিটি স্ক্যান চালুর বিষয়ে স্বাস্থ্যদপ্তরের সবুজ সঙ্কেত মিলবে বলে মেডিক্যাল কর্তৃপক্ষ আশা করছে।
দুর্ঘটনায় মাথায় চোট থাকলে সিটি স্ক্যান করা জরুরি। স্ট্রোক হলেও এই পরীক্ষা অত্যাবশ্যকীয়। এই হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা না থাকায় এতদিন রোগীদের বেসরকারি সংস্থার সেন্টারে যেতে হতো। এতে অতিরিক্ত টাকাও খরচ হতো। আরামবাগ মেডিক্যালে হুগলির পাশাপাশি বাঁকুড়া, মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার একাংশ থেকেও প্রতিদিন বহু রোগী আসেন। আউটডোরে রোজ হাজারখানেক রোগী ডাক্তার দেখাতে আসেন। বহু রোগী ভর্তিও হন। এই পরিষেবা চালু হলে রোগীরা উপকৃত হবেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সিটি স্ক্যান করানোর প্রয়োজন হলে চিকিৎসকরা স্লিপ দেবেন। সেই স্লিপ দেখিয়ে রোগীদের সিটি স্ক্যান পরিষেবা মিলবে। বাইরের রোগীদের ৩৪০টাকা দিতে হবে।
সম্পর্কিত সংবাদ