Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে মোবাইল দোকানে ভয়ঙ্কর চুরি

আরামবাগে মোবাইল দোকানে ভয়ঙ্কর চুরি
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ শহরে রাজ্য সড়কের ধারের শোরুম থেকে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ওই মোবাইলের শোরুমে। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা বুঝতে পারেন দোকানের মালিক। খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিস গিয়ে তদন্ত শুরু করে। তবে চুরির ঘটনায় প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ। তাতে দেখা গিয়েছে, দুই দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে শোকেসে সাজানো একের পর এক মোবাইল তুলছে। দোকান মালিকের অভিযোগ, নগদ প্রায় ৮০ হাজারের বেশি টাকা ড্রয়ার থেকে চুরি গিয়েছে। তারসঙ্গে দামি অ্যান্ড্রয়েড মোবাইলের সেটও চুরি করে দুষ্কৃতীরা। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে। 
Advertisement
পুলিস জানিয়েছে, চুরির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। মোবাইল দোকানের তরফে আমির হোসেন বলেন, বছর চারেক আগে ওই দোকানটি খোলা হয়। অন্যান্য দিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান। তিনি বলেন, বেশ কিছু কোম্পানির মোবাইল বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। বাকি কিছু কোম্পানির মোবাইল ছিল। সকালে দেখা যায় দোকানের সাটার ভেঙে চুরি করা হয়েছে। সাটারের পাশাপাশি কাচের দরজাটিও ভাঙা হয়। 
মোবাইল দোকানের মালিক সফিকুল ইসলাম বলেন, প্রায় ২৭টি মোবাইল, ১৫টি স্মার্ট ওয়াচ চুরি গিয়েছে। তারসঙ্গে নগদ টাকাও বাক্স থেকে নিয়ে গিয়েছে। দোকানের বাইরের দিকে সিসি টিভিগুলি ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা। তারপর চুরি করেছে। চুরির জেরে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল। 
দোকান মালিকের দাবি, দুষ্কৃতীরা ডেমো মোবাইল ফোন নেয়নি। তারসঙ্গে ল্যাপটপও নিয়ে যায়নি। ডেমো মোবাইল ফোন সাধারণত ক্রেতাদের দেখানোর জন্য রাখা হয় দোকানে। সেগুলি নিলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কারণ সেগুলি নির্দিষ্ট সময় পর চালু হয়ে যায়। তারফলে সেগুলি ট্র্যাক করা যেতে পারে। তাই হয়তো নেয়নি। ফলে দুষ্কৃতীরা পরিকল্পনা করেই চুরি করেছে। 
দোকান ব্যবসায়ীর দাবি, গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের উপর বিভিন্ন সময় পুলিস টহল দেয়। তারপরেও এমন ভয়াবহ চুরি নিয়ে আতঙ্কিত আমরা।
সম্পর্কিত সংবাদ