নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: নেত্রীর নির্দেশের পর ভোটার তালিকা যাচাইয়ে জোর দিল তৃণমূল। শুক্রবার আরামবাগ শহরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তৃণমূলের নেতা-কর্মীরা। ভোটার কার্ডের নম্বরের সঙ্গে তালিকায় নম্বর মিলিয়ে দেখা হয়। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, শহরের সহ সভাপতি শেখ বেলাল সহ ৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা এদিন পল্লিশ্রী এলাকায় ভোটারদের বাড়িতে যান। তালিকায় কারও নাম না উঠে থাকলেও খোঁজ নেন।উল্লেখ্য, বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ভোটার তালিকায় ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজে জোর দিতে নির্দেশ দেন। সেইমতো একটি কমিটিও গড়ে দেন তিনি। কলকাতায় সেই সভার পরেই শুক্রবার আরামবাগে ভোটার তালিকা নিয়ে যাচাইয়ের কাজ শুরু করে শাসক দল। এদিন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে গিয়ে ভোটার কার্ড দেখেন নেতারা। তবে এলাকার অনেকেরই এখনও তালিকায় নাম ওঠেনি। সেই ব্যাপারেও তদারকি করার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়। তবে এদিন সেখানকার বাসিন্দাদের অনেকেই পাকা সরকারি ঘর দেওয়ার দাবিতে সরব হন। স্বপনবাবু বলেন, দল নেত্রী নির্দেশ দেওয়ার পর আমরা ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করেছি। এদিন পল্লিশ্রী এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখা হয়েছে। এই কাজের পর তার রিপোর্ট রাজ্য নেতৃত্বকে পাঠানো হবে। বিজেপি বিভিন্ন রাজ্যের ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোটে জেতার যে কৌশল নিয়েছে, তা আরামবাগে প্রতিহত করা হবে।
Advertisement
কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ভোটার তালিকা নিয়ে তৃণমূল নাটক করছে। বিগত দিনে বুথে ভুয়ো ভোটার ঢোকার কাজ তৃণমূলই করেছে। আরামবাগে এসব নাটক করে কোনও লাভ হবে না।



