নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ভুয়ো ভোটার চিহ্নিত করতে এবার ওয়ার্ডে ঘুরলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী। রবিবার সকালে তিনি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে যান। ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীসমর্থকরাও তাঁর সঙ্গে ছিলেন। সেখানকার চাঁদুর বটতলা থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এপিক নম্বর ও ছবি ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখেন সমীরবাবু। তিনি বলেন, দলের নির্দেশে ভোটার তালিকা মেলানোর কাজ শুরু হয়েছে। কোনও ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যায়নি। সেই রিপোর্ট রাজ্য নেতৃত্বকে পাঠাব। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি দলীয় সভায় শাসকদলের নেতা-কর্মীদের ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দেন। ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। তাঁর নির্দেশে এবার আরামবাগে ভুয়ো ভোটার খোঁজা শুরু করেছে তৃণমূল। এদিন পুরসভার চেয়ারম্যানও সেই কাজে শামিল হলেন। -নিজস্ব চিত্র



