নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার হুগলিতে আবাস প্লাসে যোগ্য প্রাপক বাছাই করতে প্রায় ২৮০০ বাড়িতে গিয়ে সুপার চেকিং করলেন পুলিস কর্মীরা। এদিন জেলাজুড়ে প্রায় ৩০০ জন পুলিস কর্মী চেকিংয়ের কাজ করেছেন বলে প্রশাসন জানিয়েছে। একইসঙ্গে আরামবাগ মহকুমাতেও এদিন সকাল থেকে পুলিস কর্মীরা আবাসের জন্য বাড়ি বাড়ি সমীক্ষা করেন। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে অপেক্ষমান অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রশাসন সমীক্ষার কাজ শুরু করেছে গত ২১ অক্টোবর থেকে। জেলায় এখনও পর্যন্ত এক লক্ষ ৪৮ হাজার ৩৪০ টি বাড়িতে সমীক্ষা করেছে প্রশাসন। তারজন্য ৯১৫ টি টিম কাজ করেছে। প্রাথমিক সমীক্ষার পর প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি ঘিরে সুপার চেকিং করেছেন। এদিন সুপার চেকিং করতে নামেন পুলিস আধিকারিকরাও। যোগ্যরাই যাতে আবাসের বরাদ্দ পান তা নিশ্চিত করতে পুলিসকে দিয়েও সুপার চেকিং করানো হয়েছে। আজ, শুক্রবারও জেলাজুড়ে তা চলবে।



